Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

তিন দিন বন্ধ বোলপুর-দুর্গাপুর আসানসোল রুটের বাস পরিষেবা

সময়সূচি নিয়ে বাস মালিকদের কোন্দল। আর তার জেরেই তিনদিন ধরে স্তব্ধ বোলপুর–দুর্গাপুর–আসানসোল রুটের বাস পরিষেবা।

তিন দিন বন্ধ বোলপুর-দুর্গাপুর আসানসোল রুটের বাস পরিষেবা
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: সময়সূচি নিয়ে বাস মালিকদের কোন্দল। আর তার জেরেই তিনদিন ধরে স্তব্ধ বোলপুর–দুর্গাপুর–আসানসোল রুটের বাস পরিষেবা। সোমবার সকালে বোলপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভে ফেটে পড়েন বাসের চালক ও কর্মীরা। তাঁদের দাবি, বাস বন্ধ থাকায় রোজগার কার্যত বন্ধ। অথচ সমস্যার সমাধানে এখনও উদ্যোগ নেই। প্রায় ৬০টি বাস বন্ধ রয়েছে। এই বাস বন্ধের সরাসরি ধাক্কা পড়েছে যাত্রীদের উপর। প্রতিদিন বহু মানুষ বোলপুর থেকে ইলামবাজার, দুর্গাপুর ও আসানসোলে যাতায়াত করেন। বাস না থাকায় কার্যত বাধ্য হয়ে অটো-টোটো ধরছেন তাঁরা। বিশেষ করে ইলামবাজার যেতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এক নিত্যযাত্রী ভরত দাসের কথায়, প্রতিদিন বাসেই যাই। এখন অটো-টোটো করে যেতে হচ্ছে। ভাড়া প্রায় দ্বিগুণ। এভাবে প্রতিদিন যাতায়াত করা সম্ভব নয়। বাসকর্মীদেরও ক্ষোভ কম নয়। এক কর্মী বলেন, তিনদিন ধরে গাড়ি বন্ধ। আয় নেই। সংসার চালাব কীভাবে? দ্রুত বাস চালু করতে হবে। বাস মালিকদের সংগঠনের দাবি, মূল সমস্যা সময়সূচি নিয়ে। বীরভূম জেলার বাস মালিক সমিতির বোলপুর শাখার সহ-সম্পাদক সুনীল ঘোষ বলেন, একটি বাসের ছ’টি ট্রিপের জায়গায় চারটি ট্রিপ করা হয়েছে। পাশাপাশি ইলামবাজার থেকে চলা বাসের পুরানো সময় বদলে বোলপুর থেকে নতুন সময় দেওয়া হয়েছে। এতে অন্য বাসের সময়সূচি ও ব্যবসায় প্রভাব পড়ছে। জানা গিয়েছে, এই বিষয়টি মেটাতে বৈঠক ডাকা হলেও সংশ্লিষ্ট মালিক হাজির হননি বলে অভিযোগ। এরপর দুর্গাপুরে কয়েকটি বাস আটকে দেওয়ার অভিযোগ ওঠে। কিছু বাস ছাড়া হলেও কয়েকটি বাস আটকে রাখা হয় বলে দাবি সংগঠনের। ফলে বাস ফিরিয়ে আনতে অতিরিক্ত খরচা হচ্ছে। বারবার ঘোরাতে হচ্ছে গাড়ি। উঠছে না জ্বালানি ও অন্যান্য খরচও। শেষ পর্যন্ত বন্ধই রাখতে হয়েছে পরিষেবা। যদিও সংশ্লিষ্ট বাস মালিক মহম্মদ মুসাকে ফোনে পাওয়া যায়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ