সংবাদদাতা,মেদিনীপুর: ব্লক সভাপতি শেখ সবেরাতির নেতৃত্বে পিংলা ব্লকে একের পর এক সমবায় ভোটে জয় পাচ্ছে তৃণমূল। বিরোধীরা প্রার্থী দিতেই পারছে না। ফলে জয় আসছে বিনা লড়াইয়ে। বৃহস্পতিবার মালিগ্রাম পঞ্চায়েত এলাকার হান্দল সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কোনও প্রার্থী না থাকায় ৯টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃণমূল প্রার্থীরা জয়ী হয়। এদিন দুপুরে জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় উৎসবও পালন করে দলের কর্মীরা। যদিও প্রার্থী দিতে দেওয়া হয়নি বলে দাবি করেছে বিজেপি।
তৃণমূলের ব্লক সভাপতি শেখ সবেরাতি বলেন, এই সমবায়ে বুধ ও বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু বিজেপি সহ বিরোধীরা কোনও আসনেই প্রার্থী দিতে পারে নি। ফলে নির্বাচন হওয়ার আর কোনও প্রশ্ন নেই। আমরা বিনা লড়াইয়ে ৯টি আসনেই জয়লাভ করেছি। তিনি জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, প্রার্থী দিতে পারিনি এটা ঠিক নয়। আমাদের প্রার্থী দিতে দেওয়া হয়নি।
ব্লক সভাপতি বলেন, শুধু মালিগ্রাম পঞ্চায়েত এলাকাতেই নয়। এর আগে ব্লকের ক্ষীরাই, পিণ্ডরুই, পিংলা, লক্ষ্মীবাড়ি এলাকার পাঁচটি সমবায় ভোটে তৃণমূল প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দীতায় জয়ী হয়েছেন। আসলে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। পিংলার মানুষ তাদের প্রত্যাখান করেছে। তাঁর দাবি বাকি সমবায়গুলিতেও তৃণমূল প্রার্থীরা জয়লাভ করবে। পশ্চিম মেদিনীপুর জেলার এই ব্লকের সবগুলি সমবায়ে মানুষের জন্য কাজ করবে তৃণমূল।