Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর নিয়ে পরবর্তী রণনীতি শনিবার কর্মীদের জানাবে তৃণমূল

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে নৈতিক জয় দেখছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তাতে হাল ছেড়ে দিলে চলবে না।

এসআইআর নিয়ে পরবর্তী রণনীতি  শনিবার কর্মীদের জানাবে তৃণমূল
  • ২২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে নৈতিক জয় দেখছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তাতে হাল ছেড়ে দিলে চলবে না। বাংলার মানুষের পাশে থেকে লড়াই-আন্দোলন কীভাবে চালিয়ে যাওয়া হবে, তার পরবর্তী রণনীতি আগামী শনিবার জানান দেবে তৃণমূল। ওইদিন বিকেলে জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

৪ নভেম্বর এসআইআর প্রক্রিয়ায় ইনিউমারেশন ফর্ম বিলি শুরুর দিন থেকেই আন্দোলনে রয়েছে তৃণমূল। ওইদিন কলকাতার রাজপথে মিছিল করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই তৃণমূল স্পষ্ট করে দিয়েছিল, একজনও প্রকৃত ভোটারের নাম যেন বাদ না-যায়। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বাংলার মানুষের পাশে সর্বতোভাবে দাঁড়িয়েছে তৃণমূল। রাজ্যের বিভিন্ন প্রান্তে শিবির করে আম জনতাকে সাহায্য করে চলেছেন তৃণমূল কর্মীরা। ওইসঙ্গে চলেছে আইনি লড়াই। সুপ্রিম কোর্টে লড়াই করে বাংলার মানুষের জন্য জয় ছিনিয়ে আনা গিয়েছে বলে দাবি তৃণমূলের। দেশের শীর্ষ আদালত কমিশনকে নির্দেশ দিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তির ক্ষেত্রে অসংগতির তালিকা প্রকাশ করতেই হবে।

এবার সুপ্রিম কোর্টের নির্দেশ কমিশন অক্ষরে অক্ষরে পালন করছে কি না, কোথাও গরমিলের চেষ্টা হচ্ছে কি না, সব বিষয়ে তীক্ষ্ণ নজরদারি রাখার নির্দেশ জেলায় জেলায় দিয়েছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। এই প্রেক্ষাপটেই শনিবার বিকেলে তৃণমূলের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাংসদ, বিধায়ক এবং অন্য দলীয় পদাধিকারীদের বৈঠকে ডেকেছেন অভিষেক। ডাকা হয়েছে বুথ লেভেল এজেন্ট-২’দেরও। লক্ষাধিক তৃণমূল কর্মীর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মিলিত হবেন তৃণমূল সেনাপতি। আগামীদিনে বিএলএ-২’দের কী করণীয়, সেসম্পর্কে সুস্পষ্ট বার্তা দেবেন অভিষেক। এসআইআর শুনানি কেন্দ্রে বিএলএ-২ থাকতে পারবেন, এমন নির্দেশ দেশের শীর্ষ আদালত দিয়েছে। সেক্ষেত্রে কোনো জায়গায় যদি কমিশন বিএলএ-২’দের প্রবেশে বাধা দেয়, তা তৎক্ষণাৎ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে তা জানাতে বলা হয়েছে। তাছাড়া লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাঁদের নামের তালিকা প্রকাশ করা হবে, তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল। বিলএ-২ ছাড়াও তৃণমূলের জেলা সভাপতি, সাংসদ, বিধায়কদের আগামীদিনে কী করণীয়, সে-সম্পর্কেও শনিবার অভিষেক নির্দেশ দেবেন বলেই মনে করা হচ্ছে। দলীয় নেতৃত্বের স্পষ্ট বার্তা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে হাতে থাকা বাকি দিনগুলিতে কোনো অবস্থায় শিথিলতা দেখালে চলবে না। এইসময়ে মানুষের পাশে থাকতে হবে। কাগজপত্র সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সাহায্য করতে হবে সকলকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ