নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ও সংবাদদাতা, আলিপুরদুয়ার: এনআরসি নোটিস পাওয়া দিনহাটার সাদিয়ালের কুঠির বাসিন্দা উত্তম ব্রজবাসী ও মাথাভাঙার লতাপোতা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নিশিকান্ত দাসকে নিয়ে অসম-বাংলা সীমানায় আজ, রবিবার আন্দোলনে নামছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। বক্সিরহাটের জোড়াই মোড়ে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ ও সভার কর্মসূচি চলবে। অসম সরকারকে বার্তা দিতেই ওই জায়গাকে এনআরসি বিরোধী আন্দোলনের স্থল হিসেবে বেছে নিয়েছে তৃণমূল।
কোচবিহারের বহু শ্রমিক দেশের বিভিন্ন জায়গায় কাজ করেন। রুটিরুজির টানে তাঁরা বাইরে গিয়ে এতদিন তেমন কোনও হয়রনির শিকার হননি। কিন্তু সম্প্রতি হরিয়ানা সহ দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে বহু মানুষকে বাংলাদেশি সন্দেহে হেনস্তা করা হচ্ছে। থানায় তুলে নিয়ে যাওয়া, আটকে রাখা, নথি পরীক্ষা সহ একাধিক ভাবে তাঁদেরকে হেনস্তা করা হচ্ছে। এই প্রেক্ষাপটেই কোচবিহারে বসবাসকারী উত্তম ব্রজবাসীর কাছে অসম সরকারের ফরেনার্স ট্রাইব্যুনালের চিঠি এসেছিল। এরপর তৃণমূল তাঁর পাশে দাঁড়ায়। ২১ জুলাইয়ের জনসভায় মুখ্যমন্ত্রীর মঞ্চে ছিলেন তিনি। ইতিমধ্যে শুক্রবার মাথাভাঙার নিশিকান্ত দাসের এনআরসি নোটিসের বিষয়টি সামনে আসে। শনিবারই জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক তাঁর বাড়িতে পৌঁছে তাঁর পাশে থাকার আশ্বাস দেন। এই প্রেক্ষাপটেই এদিন অসম-বাংলা সীমানায় এনআরসি নোটিস পাওয়া ওই দুই ব্যক্তিকে নিয়ে তৃণমূল অবস্থান আন্দোলনে শামিল হবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দলের জেলা চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সেখানে উপস্থিত থাকবেন। এছাড়াও জেলাজুড়ে ব্লক, অঞ্চল স্তরে দিনের বিভিন্ন সময়ে প্রতিবাদ সভা হবে।
জেলা তৃণমূল সভাপতি বলেন, অসম-বাংলা সীমানার জোড়াই মোড়ে জেলা নেতৃত্বকে নিয়ে এনআরসি বিরোধী কর্মসূচি পালন করা হবে। সেখানে উত্তম ব্রজবাসী, নিশিকান্ত দাস উপস্থিত থাকবেন। অসম সরকারের কানে বাংলার এনআরসি বিরোধী বার্তা বেশি করে পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ।
অন্যদিকে, একই ইস্যুতে ২৯ জুলাই থেকে আলিপুরদুয়ার জেলাজুড়ে তৃণমূল আন্দোলন শুরু করছে। ওইদিন থেকে প্রতি সপ্তাহে জেলার একটি করে ব্লকে প্রতিবাদ মিছিল ও পথসভা হবে। চলবে সেপ্টেম্বর পর্যন্ত। শনিবার শহরের কলেজ হল্টে দলের জেলা পার্টি অফিসে এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। এদিনের বৈঠকে দলের সর্বোস্তরের নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, ২৯ জুলাই ফালাকাটার জটেশ্বরে বাঙালি বিদ্বেষ ও এনআরসি’র প্রতিবাদে আন্দোলন শুরু হচ্ছে। যেহেতু জটেশ্বরের বাসিন্দা অঞ্জলি শীল অসম সরকারের এনআরসি’র নোটিস পেয়েছেন। সেজন্য জটেশ্বর দিয়েই এই আন্দোলন শুরু হচ্ছে।