নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দৃশ্য-১: বিজেপির জেলা পার্টি অফিসের সামনে জুতো হাতে এক নেতাকে তাড়া করছেন দলেরই এক নেত্রী। কব্জায় আসতেই তাঁর গালের কাছে জুতো নিয়ে গেলেন নেত্রী। কিছুটা হলেই ওই নেতার গালে ‘স্ট্যাম্প’ পড়ে যেত। কয়েকজনের হস্তক্ষেপে কোনওরকমে তিনি রেহাই পেলেন। ওই নেত্রী দাবি করতে থাকেন, তাঁর নামে ওই নেতা অপপ্রচার করেছেন।
দৃশ্য-২: দলেরই এক নেতাকে রাস্তায় ফেলে পেটাচ্ছেন বিজেপির কয়েকজন। ওই নেতার মাথায় হেলমেট থাকায় কোনওরকমে রেহাই পেলেন। তবে যখন উঠে দাঁড়ালেন সেই সময় তাঁর পোশাক কাদায় ভর্তি। অভিযোগ ওই বিজেপি নেতা এক নেত্রীর সম্পর্কে কুৎসা প্রচার করছিল।
দৃশ্য-৩: এক আদি যুব নেতা সোশ্যাল মিডিয়ায় লাইভ করে দাবি করেন দলে তাঁদের গুরুত্ব নেই। অন্য দল থেকে আসা লোকজনরা ছড়ি ঘোরাচ্ছেন।
দৃশ্য-৪: সোশ্যাল মিডিয়ায় এক বিজেপি নেতা দলেরই কয়েকজনের সঙ্গে মহিলা যোগ নিয়ে ধারাবাহিকভাবে লিখে যাচ্ছেন। দলে মহিলাদের সম্মান নেই বলে দাবি করছেন। বিজেপি নেতৃত্ব ২০২৬ সালে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। আর আমজনতা সোশ্যাল মিডিয়ায় এসব ছবি দেখে মুচকি হাসছে। নেতাদের ‘চরিত্র’ কেমন তা তাঁরা দেখতে পাচ্ছেন। এসব দেখে তাঁদের ধারণা, ক্ষমতায় আসার জন্য আমজনতার ভোট দরকার। যে দলের নেত্রীরা জুতো হাতে নেতাদের তাড়া করেন সেই দলের উপর সাধারণ মানুষ ভরসা করবে কীভাবে? তৃণমূল নেতা দেবু টুডু বলেন, এটাই বিজেপির চরিত্র। মহিলাদের সম্মান ওরা দিতে জানে না। মহিলারা ওদের কাছে সুরক্ষিত নয়। সেকারণেই দলের নেতার গালের কাছে নেত্রীকে জুতো ধরতে হচ্ছে। যতদিন যাবে ওদের চরিত্র আরও বোঝা যাবে। বিজেপি নেতা রাজু পাত্র বলেন, শীর্ষ নেতৃত্ব বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখছে।
দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, পূর্ব বর্ধমানে বিজেপি পার্টি অফিসে এই ছবি প্রথম নয়। এর আগেও নেতারা প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়েছেন। গত বিধানসভা নির্বাচনের আগে দলের জেলা পার্টি অফিসের সামনে ‘যুদ্ধ’ বেঁধে গিয়েছিল। তবে নেত্রীর জুতো হাতে তাড়া করার ছবি কিছুটা অন্যরকম। ওই নেত্রী অবশ্য সংবাদমাধ্যমে কিছু বলতে চাননি। অভিযুক্ত নেতাও মুখে কুলুপ এঁটেছেন। দলের এক নেতা বলেন, এই ভাবমূর্তি নিয়ে আমরা মানুষের কাছে ভোট চাইতে যাব কীভাবে। চরিত্র নিয়ে প্রশ্ন উঠলে জনতা ভরসা করবে না। ওই নেত্রী বহু লোকের সামনে নেতাকে জুতো হাতে তাড়া করেছে। রাস্তায় দাঁড়িয়ে পথচলতি লোকজন তা দেখেছেন। কেউ কেউ মোবাইলে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতেও ছাড়েননি।