নিজস্ব প্রতিনিধি, তমলুক: ছাত্র রাজনীতির সঙ্গে কোনওরকম যোগ না থাকা চল্লিশোর্ধ্ব কলেজ কর্মী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের কনভেনর হিসেবে নিয়োগ করল তৃণমূল ছাত্র পরিষদ। ২৮আগস্ট সংগঠনের প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে পূর্ব মেদিনীপুরে শাসক দলের ছাত্র সংগঠনের কনভেনর নিয়োগ ঘিরে নিজেদের মধ্যেই ঝামেলা তুঙ্গে উঠেছে। ছাত্র রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নেতৃত্বকে এড়িয়ে কেন যুব ও দলের নেতাদের টিএমসিপি সংগঠনের মাথায় বসানো হচ্ছে, তা নিয়ে বিতর্ক থামছে না। প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে এনিয়ে অস্বস্তিতে পড়েছে শাসক দলের ছাত্র নেতৃত্ব।
আগামী ২৮আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তার আগে বুধবার তমলুক সাংগঠনিক জেলায় ব্লক ও শহরভিত্তিক কনভেনর নিয়োগ করেছে তৃণমূল ছাত্র পরিষদ। ময়না ব্লকে কনভেনর হয়েছেন রাজু অধিকারী। তিনি ওই কলেজের অস্থায়ী কর্মী। পাশাপাশি, ঠিকাদারি পেশার সঙ্গেও যুক্ত। চল্লিশোর্ধ্ব রাজুকে ময়না ব্লকে টিএমসিপির কনভেনর হিসেবে বেছে নেওয়া হয়েছে। তিনি বলেন, অতীতে আমি ছাত্র সংগঠন করতাম। তারপর কলেজে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পাই। সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব।
তমলুক ব্লকে টিএমসিপির কনভেনর হয়েছেন আকাশ মহম্মদ। একসময় তিনি পাঁশকুড়া বনমালী কলেজে তৃণমূল ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন। এখন ছাত্র রাজনীতির সঙ্গে কোনও যোগ নেই। তিনি এই মুহূর্তে তমলুক পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। তমলুক ব্লকের নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েতে যুব সংগঠনের নেতাও। নেতৃত্ব কোনও ছাত্রনেতাকে দায়িত্ব না দিয়ে সরাসরি দল এবং যুব সংগঠনের সঙ্গে যুক্ত থাকা ওই কর্মাধ্যক্ষকে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক কনভেনর হিসেবে নিযুক্ত করেছে। আকাশ বলেন, আগে আমি তৃণমূল ছাত্র পরিষদ করতাম। এখন ছাত্র সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত নেই। তবে, প্রতিষ্ঠা দিবসের আগে টিএমসিপির দায়িত্ব দেওয়ায় আমি বৃহস্পতিবার থেকেই কাজকর্ম শুরু করে দিয়েছি। এদিন বিকেলে একটি মিটিংও করেছি। যাঁরা ছাত্র সংগঠনে থেকে কোনও কারণে দূরে সরে গিয়েছেন, তাঁদের নিয়ে সংগঠনকে মজবুত করার চেষ্টা করব।
২০২৩ সালে পঞ্চায়েত ভোটে সূতাহাটায় চৈতন্যপুর ৫০নম্বর বুথে দলের প্রার্থীর বিরুদ্ধে খেজুর গাছ প্রতীকে আইমা সংগঠনের প্রার্থী হন শেখ জমিরুদ্দিন আলি। তিনি টিএমসিপির সুতাহাটা ব্লকের কনভেনরের দায়িত্ব পেয়েছেন। আবার, মহিষাদল ও পাঁশকুড়ার ব্লক যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শেখ মনিরুল রহমান ও রুহুল আমিন নিজেদের ব্লকে টিএমসিপির কনভেনরের দায়িত্ব পেয়েছেন। জমিরুদ্দিন বলেন, আমি আইমা সংগঠনের পক্ষ থেকে পঞ্চায়েতে প্রার্থী হয়েছিলাম। পরবর্তীতে তৃণমূলে যোগ দিই।
তৃণমূল ছাত্র পরিষদের তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি অতনু সামন্ত বলেন, কনভেনর লিস্ট তৈরির ক্ষেত্রে সকলের পরামর্শ নেওয়া হয়নি। ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত নন, এমন বেশ কয়েকজনকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিৎ দে বলেন, রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের অনুমোদন ও নির্দেশে শহর ও ব্লকভিত্তিক কনভেনর তালিকা প্রকাশ করা হয়েছে। যাঁরা এই তালিকা নিয়ে বিরোধিতা করছেন, তাঁরা সংগঠনের রাজ্য সভাপতির ডাকা সভায় অংশ নেননি।