নিজস্ব প্রতিনিধি, তমলুক: ’২৬ এর বিধানসভা নির্বাচনের আগে পটাশপুর বিধানসভায় ঘর গোছাতে পুরোদমে নেমে পড়ল তৃণমূল। শুক্রবার পটাশপুরে দলীয় কার্যালয়ে ওই বিধানসভার ১৪টি অঞ্চলের সভাপতি, দলীয় পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, দলের ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক হয়। জানা গিয়েছে, ওই বিধানসভা এলাকার ৩৪৫টির মধ্যে ৪০টি বুথ সাংগঠনিক দিক থেকে দুর্বল বলে চিহ্নিত করা হয়েছে। আগামী ১৫ আগস্টের মধ্যে ওই ৪০টি বুথে দলের ব্লক ও জেলা নেতৃত্ব জনসংযোগ কর্মসূচিতে অংশ নেবে। সেখানে ভোটের মুখে স্পেশাল ইনটেনসিভ রিভিশন(এসআইআর), সরকারি কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
এদিনের কর্মসূচিতে পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পণ্ডা, জেলা সহ সভাপতি মৃণালকান্তি দাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে একমাত্র পটাশপুর বিধানসভা থেকে তৃণমূল ৮০৯২ ভোটের লিড পেয়েছিল। বাকি ১৫টি বিধানসভা এলাকাতেই দল পিছিয়ে ছিল। ২০২৬ সালে বিধানসভা ভোটে সেই পটাশপুরে আরও ভালো ফল করতে মরিয়া শাসক দল। সেই লক্ষ্যে দুর্বল বুথ শনাক্ত করে ধারাবাহিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
পীযূষকান্তিবাবু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি ঘোষণা করেছেন। প্রতিটি বুথে উন্নয়নমূলক কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি আমরা জেলা ও ব্লক নেতৃত্ব বুথে নিবিড়ভাবে জনসংযোগ কর্মসূচিতে অংশ নিচ্ছি। আগামী ১৫ আগস্টের মধ্যে এই কর্মসূচি সম্পন্ন হবে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পটাশপুরে তৃণমূল কংগ্রেস সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তোলা হবে।-নিজস্ব চিত্র