Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তমলুক টাউন কো-অপারেটিভের ডিরেক্টর নির্বাচন মনোনয়ন জমার পরও প্যানেলে রদবদল তৃণমূলের

নজিরবিহীনভাবে মনোনয়ন জমার পর তমলুক টাউন কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির ডিরেক্টর নির্বাচনে দলীয় প্যানেলে রদবদল করল তৃণমূল।

তমলুক টাউন কো-অপারেটিভের ডিরেক্টর নির্বাচন মনোনয়ন জমার পরও প্যানেলে রদবদল তৃণমূলের
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: নজিরবিহীনভাবে মনোনয়ন জমার পর তমলুক টাউন কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির ডিরেক্টর নির্বাচনে দলীয় প্যানেলে রদবদল করল তৃণমূল।  গত ১৬ জুন দলের রাজ্য কমিটির পক্ষ থেকে ১২টি আসনের জন্য ১২ জনের প্যানেল প্রস্তুত করে তমলুকে পাঠানো হয়। সেইমতো সোমবার তাঁরা সকলেই মনোনয়ন জমা করেন। এরপর মঙ্গলবার প্যানেলে নাম না থাকা সত্ত্বেও শহর তৃণমূল সভাপতি চঞ্চল খাঁড়া ডিরেক্টর পদে মনোনয়ন জমা করেন। এভাবে ১২টি ডিরেক্টর পদে ১৩টি মনোনয়ন জমা পরে। চঞ্চলবাবু মনোনয়ন জমা করার পর লড়াই থেকে কাকে সরতে হবে তা নিয়ে জোরালো চর্চা হচ্ছিল। 

Advertisement

এর মধ্যেই বুধবার রাজ্য থেকে দ্বিতীয় লিস্ট এসে পৌঁছয়। তাতে ওই সোসাইটির প্রাক্তন ডিরেক্টর মনোজকুমার হালদারের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় ১২ জনের তালিকায় চঞ্চল খাঁড়ার নাম ঢোকানো হয়েছে। দলের পক্ষ থেকে মনোজবাবুকে মনোনয়ন প্রত্যাহারের বার্তা পাঠানো হয়েছে। আজ, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সময়সীমা রয়েছে। এই সময়ের মধ্যে যদি মনোজবাবু মনোনয়ন প্রত্যাহার করেন তাহলে ভোটাভুটি হচ্ছে না। কিন্তু, তিনি মনোনয়ন প্রত্যাহার না করলে ডিরেক্টর নির্বাচনে ভোটাভুটি হবে। যদিও বুধবার থেকেই মনোজবাবুর মোবাইল বন্ধ। তাই তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এনিয়ে তৃণমূলের সমবায় সেলের রাজ্য নেতা আশিস চক্রবর্তী বলেন, আমরা চূড়ান্তভাবে একটা তালিকা তৈরি করেছি। একজনকে মনোনয়ন প্রত্যাহার করতে দলীয় নেতৃত্বকে নির্দেশ পাঠানো হয়েছে। ওই ব্যক্তিও একজন তৃণমূল কর্মী। তাই তিনি দলের নির্দেশ মানবেন বলেই আশা করি। আমাদের ধারণা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের ১২জন জয়ী হবেন। আগামী দিনে মনোজবাবুকে অন্যভাবে কাজে লাগাবে দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ