Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ত্রিকোণ প্রেমের জেরে সাঁইথিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতি খুন! প্রেমিকা ও সন্দেহভাজন যুবক সহ তিনজনকে জিজ্ঞাসাবাদ

ত্রিকোণ প্রেমের জেরেই সাঁইথিয়ার কোনারপুরে তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ খুন হয়েছেন। রবিবার পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

ত্রিকোণ প্রেমের জেরে সাঁইথিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতি খুন! প্রেমিকা ও সন্দেহভাজন যুবক সহ তিনজনকে জিজ্ঞাসাবাদ
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ত্রিকোণ প্রেমের জেরেই সাঁইথিয়ার কোনারপুরে তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ খুন হয়েছেন। রবিবার পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। তার প্রেক্ষিতে পুলিস খুনের মামলা রুজু করে তদন্তের জাল গোটাতে শুরু করেছে। খুনের কিনারা করতে এবার পুলিস ত্রিকোণ প্রেমের তত্ত্বের উপর জোর দিতে শুরু করেছে৷ ইতিমধ্যে দুই মহিলা সহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্যও হাতে পেয়েছে। এই পরিস্থিতিতে খুনের ঘটনায় প্রতিবেশী গ্রামের এক যুবকের ভূমিকা খতিয়ে দেখতে শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছে, তৃণমূল নেতা খুনের ঘটনায় ওই যুবকের সরাসরি যোগ থাকতে পারে। সেক্ষেত্রে তাকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও পুলিস কর্তারা অবশ্য এনিয়ে এখনও স্পষ্ট কোনও মন্তব্য করতে নারাজ। পুলিস সুপার আমনদীপ বলেন, ঘটনার তদন্ত চলছে। তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement

শনিবার গভীর রাতে তৃণমূলের অঞ্চল সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের অভিযোগ উঠে। তিনি সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষও ছিলেন। বাড়ি থেকে ৫০০ মিটার দূরে তিন মাথার মোড় থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই শাসক নেতারা দাবি করে আসছিলেন, এই ঘটনায় রাজনৈতিক কোনও যোগ নেই। এবার পুলিসি তদন্তেও সেই বিষয়টিই ক্রমশ প্রকাশ পেতে শুরু করেছে। যদিও খুনের ঘটনায় প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তারি নেই। তবে পুলিস কর্তাদের দাবি, তদন্ত অনেকটাই এগিয়েছে। অতি দ্রুত খুনের ঘটনার কিনারা হবে। 
পুলিস সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, খুনের ঘটনায় যে দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সঙ্গে নিহত অঞ্চল সভাপতির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তাদের একজনের বাড়ি ঘটনাস্থল লাগোয়া এলাকায়। অপর মহিলার বাড়ি পড়শি গ্রামে। ওই মহিলার আরও এক প্রেমিক রয়েছে। তদন্তের স্বার্থে পুলিস তাকেও জিজ্ঞাসাবাদ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিস জানতে পেরেছে, ঘটনার দিন রাতে পীযূষ সাড়ে ১২টা নাগাদ বাড়ি থেকে রওনা হয়ে ঘটনাস্থল লাগোয়া ওই মহিলার বাড়ি পৌঁছেছিলেন। সূত্রের খবর, ওই মহিলার বাড়ি থেকে বেরিয়ে পীযূষ বাইকের দিকে যাচ্ছিলেন। সেসময় তাঁকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। গুলি করা হয়েছে পিছন দিক থেকে। এই ঘটনায় ওই যুবকের ভূমিকায় পুলিসের যথেষ্ট সন্দেহ রয়েছে। মনে করা হচ্ছে, তাদের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়ানোতেই অঞ্চল সভাপতিকে খুন হতে হয়েছে। এক্ষেত্রে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার ভূমিকা খতিয়ে দেখছে পুলিস। পাশাপাশি তার প্রেমিকার ভূমিকাও আতসকাঁচের তলায়। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ