নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার গ্রেপ্তার ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। সোমবার বারুইপুর পুলিশ জেলার পুলিশ তাঁকে কলকাতা বিমানবন্দর থেকে ধরে। পুলিশের বক্তব্য, মুম্বই পালানোর ছক ছিল বিধায়কের। তার আগেই সূত্র মারফত খবর পেয়ে পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ বিধাননগর কমিশনারেটের সহযোগিতায় পরেশবাবুকে ধরে ফেলে। গত ৫ সেপ্টেম্বর ক্যানিং থানায় বিধায়কের বিরুদ্ধে এক মহিলা ধর্ষণের অভিযোগ জানিয়েছিলেন। এই ঘটনার পর থেকেই গ্রেপ্তারের খাড়া ঝুলছিল বিধায়কের ঘাড়ে। দুর্গাপুজোর সময় বারুইপুর পুলিশ জেলার পদস্থ আধিকারিকরা তাঁর বাড়ি গিয়েছিলেন। কিন্তু সেখানে ছিলেন না তিনি। পুলিশ হন্যে হয়ে খুঁজছিল দু’বারের এই বিধায়ককে। অবশেষে সোমবার পুলিশের জালে ধরা পড়েন তিনি। এদিন সাংবাদিক বৈঠকে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত সুপার (জোনাল) অতীশ বিশ্বাস বলেন, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পরেশবাবুকে। উনি তদন্তে সহযোগিতা করছিলেন না। নিজেদের হেপাজতে নিয়ে বাকি তদন্ত হবে। ওঁর বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে। সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। বিধায়কের গ্রেপ্তারিতে খুশি বিজেপি। জয়নগর সাংগঠনিক জেলার সম্পাদক প্রশান্ত বায়েন বলেন, ১৫ বছর মানুষের উপর অনেক অত্যাচার করেছেন উনি। দীপাবলিতে মানুষ সুবিচার পেল। রাজ্যের বিরোধী দলের মুখ্য সচেতক তথা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা আখরুজ্জামান বলেন, কেউ যদি অন্যায় করে থাকেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের তথ্যপ্রমাণ থাকে, তাহলে পুলিশ সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতেই পারে। মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থাকা বিধায়কদের জোর করে অন্য শিবিরে আটকে রাখার অপচেষ্টা চলছে।



