নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের মন্ত্রীকে সর্বসমক্ষে ‘অপমান’ করছেন তৃণমূলের বিধায়ক। ভরা বিধানসভায় এই ঘটনা নজরিবিহীন হয়ে রইল। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব ছিল। এদিন মৎস্য দপ্তর সংক্রান্ত কর্মকাণ্ডের বিষয়ে বিধায়কদের আনা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। ঠিক তখনই উঠে দাঁড়িয়ে বিপ্লববাবুর দিকে আঙুল উঁচিয়ে মালদহ জেলার রতুয়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় বলেন, ‘মৎস্য মন্ত্রী অপদার্থ। ফিসারিজ সময়বায়গুলি বন্ধ হয়ে পড়ে আছে।’ কিন্তু তৃণমূল বিধায়কের মুখে ‘মন্ত্রীকে অপদার্থ’ তকমা শুনে শাসক দল প্রবল অস্বস্তিতে পড়ে যায়। হাল ধরেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস। পরে সমরবাবু উঠে দাঁড়িয়ে ওই বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশ করেন। বিপ্লববাবু বলেন, আমি একজন মন্ত্রী। বিধায়কের কোনও প্রশ্ন বা সমস্যা থাকলে জানাতেই পারতেন। কিন্তু আমাকে এভাবে অপদার্থ বলাটা শোভনীয় নয়।



