পুর নিয়োগে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ, জেলেই জেরা সিবিআইয়ের
  • ২১ নভেম্বর, ২০২৬ ১৮:২৫
Prefer us on Google

কলকাতা, ২১ নভেম্বর: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আজ কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের আধিকারিকরা। তদন্তকারী সংস্থার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের ঘটনায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর সম্ভাব্য ভূমিকা নিয়েই মূলত প্রশ্ন করা হয়েছে তাঁকে।

Advertisement

উল্লেখ্য, রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্ত করছে সিবিআই ও ইডি। গত মে মাসে বিধানসভা নির্বাচনের পরপরই সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। বর্তমানে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি। আগে এই মামলায় সুজিত বসুর নাম উল্লেখ না করেই চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। পরে তাঁকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের অনুমতি পাওয়ার পর আজ জেলে পৌঁছন সিবিআইয়ের আধিকারিকরা। ইডির অভিযোগ, পুরসভার বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে সুজিত বসু ও তাঁর ছেলে অবৈধভাবে প্রার্থীদের সুপারিশ করেছিলেন। এমনকী, দুর্নীতির মাধ্যমে পাওয়া অর্থ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছিল দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। যদিও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন সুজিত বসু। একাধিকবার জামিনের আবেদন করলেও এখনও পর্যন্ত আদালতে স্বস্তি পাননি তিনি। অন্যদিকে, তদন্তের গতি বাড়িয়ে বিভিন্ন পুরসভার কর্মী, প্রাক্তন আধিকারিক এবং সরকারি কর্তাদের তলব করে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এই মামলায় সুজিত বসুর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর মেয়ে মোহিনী বসুকেও জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের আধিকারিকরা।