নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ ফের রাজপথে এসএফআই। বই বাঁচাতে, বই হাতে পদযাত্রার ডাক দেয় বাম ছাত্র সংগঠন। বইয়ের স্টলে বোমা ছোড়ার প্রতিবাদে বই মিছিল। রাজপথে বাম নেতৃত্ব। মিছিলের একেবারে সামনে দেখা যায়, বই হাতে বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। তাঁর পাশেই ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। এছাড়াও কর্মসূচিতে শামিল হন বহু বইপ্রেমী সাধারণ মানুষও। উঠতে থাকে স্লোগান।
এবিভিপির কলকাতা মহানগর সম্পাদক স্বাধীন হালদার প্রশ্ন তুলছেন, ‘সেদিন কারা বোমা ছুড়েছিল বইয়ের স্টলে, তা সবাই জানে।’ এছাড়াও তিনি বিস্ফোরক অভিযোগও তুলছেন। স্বাধীন বলেন, ‘ওরা বোমা বাঁধার কারিগর।’ পাল্টা এসএফআই-র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দীধিতি রায় বলেন, ‘এসএফআই নিজের বুকস্টলে নিজে বোমা ছুড়বে এমনটা নয়। এই কালচার বিজেপি-তৃণমূলের। তার উল্টো দিকে দাঁড়িয়ে সমাজকে বাঁচানো, সংস্কৃতিকে বাঁচানোর লড়াইয়ে এসএফআই নেমেছে।’



