নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আপনি কি মোবাইলে জোরে গান বাজান? ফোনে উচ্চস্বরে কথা বলেন? তাহলে এখনই বদলে ফেলুন এই অভ্যেস। যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই নতুন নিয়ম আনছে পূর্ব রেল। পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে এই নিয়ম কার্যকর করার কথা বলা হয়েছে।
রেলের নির্দেশ অনুযায়ী, ট্রেনের মধ্যে এমন কোনও কাজ করা যাবে না যার ফলে যাত্রী স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হয়। মোবাইলের স্পিকারে গান বাজানো, উচ্চস্বরে কথা বলা বা জোরে ভিডিও দেখলে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে। এই নিয়ম ভাঙলে সর্বোচ্চ হাজার টাকা জরিমানা অথবা ছয় মাসের জেল পর্যন্ত হতে পারে। পূর্ব রেলের তরফে বিভিন্ন স্টেশনে যাত্রীদের সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেনের মাইকে ঘোষণা করে এই নিয়মগুলি জানাতে বলা হয়েছে। এর পাশাপাশি রেলের তরফে ইয়ারফোন ব্যবহার করতে বলা হয়েছে। আর মোবইল সাইলেন্ট মোডে রেখে ব্যবহার করতে বলা হয়েছে। তবে ট্রেনের মধ্যে ফোনে গান শোনা বা ভিডিও দেখা নিষিদ্ধ নয়। কিন্তু অন্য যাত্রীদের বিরক্ত করে এই সমস্ত জিনিস করলে সেটা এই নিয়মের আওতায় পড়বে।



