নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড়ের দাপট শেষ। স্থলভাগে আছড়ে পড়ার পর ক্রমশ শক্তি হারিয়ে শুক্রবার রাতেই ওড়িশার মধ্যভাগে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শনিবারের মধ্যেই তা সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে আরও দুর্বল হবে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব পুরোপুরি কাটতে এখনও কিছুটা সময় লাগবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে শনিবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সতর্কতা। তবে স্বস্তির খবর, রবিবার থেকেই ধীরে ধীরে বদলাবে আবহাওয়ার মেজাজ। মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে ফিরতে পারে শুষ্ক আবহাওয়া।
শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির পরিমাণ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক বা দুই জায়গায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার ও সোমবার বৃষ্টির দাপট অনেকটাই কমবে। দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মাঝেমধ্যে রোদের দেখাও মিলতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। রাতের তাপমাত্রা ক্রমশ কমবে।
শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ও সোমবার উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। অপরদিকে, রাজধানী কলকাতায় শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিতে বিরতি মিলতে পারে। রবিবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোমবারের পর থেকে কলকাতায় আবহাওয়া ক্রমশ শুষ্ক হওয়ার পূর্বাভাস।



