‘চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ দেওয়া আমার স্বভাব’, ‘ব্রেক দ্য লিমিটস’-এর বার্তা মোদির
  • ২১ নভেম্বর, ২০২৬ ১৪:৩০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমাদের সামর্থ্য কী? তা কেউ তখনই বিবেচনা করতে পারবেন, যখন তাঁর মধ্যে চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ দেওয়ার মতো সাহস থাকবে, এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও বলেন, ‘আমার স্বভাবেই রয়েছে, আমি চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ না করে থাকতে পারি না।’ আজ, শনিবার আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি বলেন, ‘অনেকেই নিজেদের চিন্তাভাবনার উপর সীমা নির্ধারণ করে ফেলেন। আর এটাকেই বলে লিমিটিং বিলিফস। যা নিজের স্বপ্নকে একটি সীমানার মধ্যে আবদ্ধ করে দেয়। যার মাধ্যমে নিজের ট্যালেন্ট বা মেধাকে আবদ্ধ করে দেওয়া হয় একটি সীমানার মধ্যে।’

Advertisement

প্রধানমন্ত্রী বলেন, অনেকে আছেন যাঁরা নিজেরাই ঠিক করে নেন, কোনটা সম্ভব আর কোনটা সম্ভব নয়। আবার অনেকে ভেবেই নেন সম্ভব হবে না। এরপরেই তিনি ইন্দিরা গান্ধীর ‘গরিবি হটাও’ কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেন। বলেন, ২০ বছর আগে দারিদ্রতাকে একটি স্থায়ী সমস্যা ভাবা হত। লালকেল্লা থেকে ‘গরিবি হটাও’ স্লোগান দেওয়া হত, কিন্তু বর্তমান সরকারের আমলে বহু কাজ করা হয়েছে এই সমস্যা দূর করার জন্য। নানা প্রকল্প তৈরি করা হয়েছে, যা আজ গোটা দেশ দেখছে।

প্রধানমন্ত্রী দাবি করেন, গত ১২ থেকে ১৩ বছরের মধ্যে ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে বেরিয়ে এসেছেন। তিনি বলেন, এটাই সেই চিন্তাভাবনার পরিবর্তনের কারণে সম্ভব হয়েছে, যা কিনা বলে ‘ব্রেক দ্য লিমিটস’।

শুধু তা-ই নয়, বামেদের বিরুদ্ধেও শিল্প-বিরোধিতার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভারতে ৫০ বছর আগে সেমিকন্ডাক্টরের জন্য কোম্পানি এসেছিল, কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘আমিও প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আমরা শুরু করি।’ এরপরে ৪ বছরের মধ্যে সেমিকন্ডাক্টরেও সাফল্য এসেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।