Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাতের অন্ধকারে গাড়িতে বিজেপি নেত্রীর সঙ্গে মদ্যপান তৃণমূল নেতার! ভাইরাল ভিডিও

রাতের অন্ধকারে রাস্তার ধারে ফাঁকা জায়গায় দাঁড় করানো বিলাসবহুল গাড়ি। কাচ তোলা সেই গাড়ির ভিতরে বসে বিজেপি নেত্রীর সঙ্গে তৃণমূল নেতার মদ্যপান! এমন ঘটনা অবশ্য ধামাচাপা থাকল না।

রাতের অন্ধকারে গাড়িতে বিজেপি নেত্রীর সঙ্গে মদ্যপান তৃণমূল নেতার! ভাইরাল ভিডিও
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাতের অন্ধকারে রাস্তার ধারে ফাঁকা জায়গায় দাঁড় করানো বিলাসবহুল গাড়ি। কাচ তোলা সেই গাড়ির ভিতরে বসে বিজেপি নেত্রীর সঙ্গে তৃণমূল নেতার মদ্যপান! এমন ঘটনা অবশ্য ধামাচাপা থাকল না। হাতেনাতে ধরে ফেললেন এলাকার বাসিন্দারা। ভাইরাল হল ভিডিও (সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)।

Advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে, এলাকার যুবকরা ভিডিও রেকর্ডিং শুরু করতেই সরে যাওয়ার চেষ্টা করেন তৃণমূল নেতা। কিছুটা হকচকিয়ে যান বিজেপি নেত্রী। গাড়ির ভিতর সামনে মদের গ্লাস রাখা অবস্থাতেই তিনি কার্যত তর্ক শুরু করেন। মাঝে একবার তাঁর সঙ্গে থাকা তৃণমূল নেতাকে দেখিয়ে দেন। পরে পরিস্থিতি বেগতিক দেখে মদের গ্লাস আড়াল করে কোনওমতে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন ওই বিজেপি নেত্রী। এরপরই এলাকার বাসিন্দাদের সঙ্গে ‘রফা’ করার চেষ্টা করতে দেখা যায় তৃণমূল নেতাকে। কিন্তু নেতার ‘প্রস্তাবে’ রাজি না হয়ে এলাকার যুবকরা জানিয়ে দেন, আমাদের কিছু চাই না। ভিডিও রেকর্ডিং হচ্ছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, এর আগেও তাঁরা বিষয়টি লক্ষ্য করেছেন। বাসিন্দারা প্রশ্ন করেন, রাত ১১টার সময় গাড়ির ভিতরে বসে মদ্যপান, এটা কী মদ খাওয়ার জায়গা? সেসময় ওই নেত্রী বলেন, অসুবিধার কী আছে? এটা হতেই পারে।  
বুধবার ওই ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে দু’দল। ভিডিওতে যে তৃণমূল নেতাকে দেখা যাচ্ছে, তিনি জনপ্রতিনিধি। অন্যদিকে, যে নেত্রীকে দেখা যাচ্ছে, তিনি বিজেপির মহিলা মোর্চার পদে রয়েছেন। তাঁরা দু’জনেই বিবাহিত। ওই দুই নেতা-নেত্রীর কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছে দলের তরফে। যদিও এনিয়ে তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, বিষয়টি জানি না। খোঁজ নেব। বিজেপির জেলা সভাপতি শ্যামল রায়ও বলেন, এমন কোনও ঘটনার কথা জানি না। না জেনে মন্তব্য করতে পারব না। 
যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁর দাবি, কারও সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বললে কী সমস্যা, বুঝতে পারলাম না। ওই বিজেপি নেত্রীর বাড়ি আমার এলাকার। তিনি গজলডোবা থেকে পার্টির কাজ সেরে ফিরছিলেন। আমি এক বন্ধুর সঙ্গে গজলডোবার দিকে যাচ্ছিলাম। পথে দেখা হওয়ায় দাঁড়িয়ে গল্প করছিলাম। এনিয়ে ওই নেত্রী কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement
সম্পর্কিত সংবাদ