নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সোমবার রাতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল সিউড়ি থানা। পুলিস জানিয়েছে, ধৃতরা হল হেমন্ত সাহা ও স্বর্ণেন্দু মণ্ডল। দুজনেই সিউড়ি-১ ব্লকের নগরীর বাসিন্দা। তারা স্থানীয় তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত। তাদের হেফাজত থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দু’টি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, বিধায়ক ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে খুনের পরিকল্পনা করেই তারা আগ্নেয়াস্ত্র মজুত করেছিল। যদিও পুলিসের শীর্ষকর্তারা এখনই এনিয়ে কোনও মন্তব্যে নারাজ। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হলে ধৃতদের তিনদিনের পুলিস হেফাজত মঞ্জুর করেছেন বিচারক। জেলা পুলিস সুপার আমনদীপ বলেন, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ দু›জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করা হচ্ছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই রাতে খটঙ্গা পঞ্চায়েতের লাঙ্গুলিয়া গ্রামে আগ্নেয়াস্ত্র সহ দু›জনের উপস্থিতির খবর মেলে। তড়িঘড়ি সিউড়ি থানার পুলিস অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে, পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্রটি আমদানি করা হয়েছিল। আনুমানিক ১০ হাজার টাকার বিনিময়ে ধৃতরা সেই আগ্নেয়াস্ত্র হাতে পেয়েছিল। কোন পথে ঝাড়খণ্ড থেকে বীরভূমে আগ্নেয়াস্ত্র পৌঁছল এবং এই ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও সঠিক কী কারণে ওই তৃণমূল নেতাকে খুনের ছক কষা হয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও ঘটনা প্রসঙ্গে পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে ওই তৃণমূল নেতার পুরনো বিবাদ ছিল। অনুমান করা হচ্ছে, সেই বিবাদের জেরেই হয়তো তারা ওই শাসক নেতাকে খুনের পরিকল্পনা করেছিল।



