নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শনিবার ভাঙড়ে দেওয়াল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছিল তৃণমূল এবং আইএসএফ। রবিবারও তার রেশ ছিল। এদিনও দু’দলের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এবং তা থেকে উত্তেজনা ছড়ায়। শানপুকুরের চিনাপুকুরে একটি রাস্তা উদ্বোধনের কর্মসূচি ছিল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা মহসিন গাজির। অভিযোগ, আইএসএফের কর্মীরা ওই কর্মসূচিতে বাধা দেয় এবং তৃণমূলের তিন কর্মীকে ব্যাপক মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায়। উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, পোলেরহাট থানার নিমকুড়িয়া গ্রামে আইএসএফের উদ্যোগে রক্তদান শিবিরকে ঘিরেও রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ওঠে। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। অভিযোগ, আইএসএফ কর্মীরা রক্তদাতাদের শিবিরে নিয়ে আসার সময় তৃণমূলের কর্মীরা বাধা দেয় এবং মারধর করে। এই ঘটনায় তিন-চারজন আইএসএফ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগেই যেভাবে দু’দল সমুখ সমরে নেমেছে এবং সংঘর্ষে জড়াচ্ছে তাতে আতঙ্কিত সাধারণ মানুষ। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।



