সংবাদদাতা, চাঁচল: এসআইআরের শুনানিকে ঘিরে হয়রানি ও আতঙ্কের অভিযোগে তপ্ত মালদহ। আতঙ্কে এক ভোটারের মৃত্যুর অভিযোগ করে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার মিছিল করল তৃণমূল কংগ্রেস। বুধবার চাঁচল ২ ব্লক তৃণমূলের উদ্যোগে মালতীপুর লাইব্রেরি মাঠ থেকে মিছিল শুরু হয়। উপস্থিত ছিলেন মৃত মহম্মদ জলিল শেখের স্ত্রী বলরামপুরের বাসিন্দা অমিসা বিবি। মিছিলে নেতৃত্ব দেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। মিছিল শেষ হয় ব্লক দপ্তরের সামনে শুনানি কেন্দ্রের কাছে। সেখানে ধিক্কার সভায় মৃত জলিলের কবর থেকে আনা মাটি কপালে মেখে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের শপথ নেন বিধায়ক সহ তৃণমূলের শতাধিক নেতাকর্মী। রহিম তাঁর মাসিক সাম্মানিক থেকে মৃতের পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন। পরে সভার মঞ্চে একের পর এক আক্রমণ করেন বিজেপিকে লক্ষ্য করে। অভিযোগ, পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রান করছে কেন্দ্রের বিজেপি সরকার।



