নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: এসআইআর নিয়ে প্রতিবাদ আন্দোলন চলছেই। শনিবার হুগলির বলাগড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিরাট প্রতিবাদ মিছিল হয়েছে। মূলত বাইক নিয়ে মিছিলটি করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সুসজ্জিত মিছিল দীর্ঘ পথ পাড়ি দেয়। রাজ্যের শাসকদলের ওই কর্মসূচি নজর কেড়েছে। ব্লকের দায়িত্বপ্রাপ্ত নেত্রী তথা জেলা চেয়ারম্যান অসীমা পাত্র, প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, জেলা আইএনটিটিইউসি’র সভাপতি মনোজ চক্রবর্তী প্রমুখ মিছিলে ছিলেন। অসীমা পাত্র বলেন, শুধুমাত্র আমাদের দলকে সমস্যায় ফেলতে চেয়ে দেশের নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করেছে বিজেপি। আর সেই কাজে ব্যবহার করা হচ্ছে নির্বাচন কমিশনকে। এক ভয়ঙ্কর সরকার দেশে চলছে।



