উজির আলি, চাঁচল: মালদহের চাঁচল ২ ব্লকের মালতীপুর প্রাইমারি স্কুলে মঙ্গলবার আমাদের পাড়া, আমাদের সমাধান শিবির পরিদর্শনে গিয়ে বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মালতীপুরের বিধায়ক ও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকসি। এদিন তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদ সদস্য রেহেনা পারভিন, চাঁচল ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা, সহসভাপতি আবুল কালাম আজাদ, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আশরাফুল আলম সহ অন্যরা। শিবিরে পানীয় জল, রাস্তা মেরামত, আলো ও নিকাশি ব্যবস্থা সহ নানা দাবি নিয়ে মানুষজন আবেদন জমা করেন।
রহিম বলেন, মা, মাটি, মানুষের সরকার সাধারণ মানুষের জন্য এই প্রকল্প চালু করেছে। এজন্য প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
এরপরই বাংলা ও বাঙালির হেনস্তা ও রাজ্যের বরাদ্দ আটকে দেওয়া নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান জেলা তৃণমূল সভাপতি। বলেন, দিল্লি, হরিয়ানা সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে হেনস্তা করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অনেককে থানায় আটক করে নির্যাতনও করা হয়েছে। তাছাড়া, বাংলার বরাদ্দ আটকে মানুষকে অসুবিধায় ফেলছে কেন্দ্রের বিজেপি সরকার। বিধায়ক বলেন, আমাদের রাজ্য সরকার প্রকল্পের সুবিধা থেকে কাউকে বঞ্চিত করে না। বিরোধীদেরও সমানভাবে পরিষেবা দেওয়া হয়। সবার জন্য মা, মাটি, মানুষের দরজা খোলা। আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্প তার অন্যতম উদাহরণ। তৃণমূলের এমন অভিযোগের জবাবে বিজেপির রাজ্য কমিটির সদস্য অভিষেক সিঙ্ঘানিয়ার মন্তব্য, শ্রমিকদের নাগরিকত্ব নিশ্চিত করার জন্য ভিনরাজ্যে নথি যাচাই করা হয়। কোনও হয়রানি করা হয় না। বাংলায় তৃণমূলের নেতারা দুর্নীতি করছেন। কেন্দ্রীয় সরকারকে হিসেব দেওয়া হচ্ছে না। বাংলায় বিরোধী জনপ্রতিনিধিদের একদম কাজের সুযোগ দেওয়া হয় না। নিজস্ব চিত্র