সংবাদদাতা, বোলপুর: দীর্ঘদিন পর সব সদস্যের উপস্থিতিতে শনিবার বিকেলে বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে জেলা কোর কমিটির বৈঠক হল। ২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতিই বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল। চেয়ারপার্সন অশিস বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিন অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সাংসদ শতাব্দী রায় সহ কোর কমিটির সব সদস্যই উপস্থিত ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরাও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। কেষ্ট- কাজলের হয়ে সোশ্যাল মিডিয়ায় বিভাজনমূলক বক্তব্য পোস্ট করা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এব্যাপারে সতর্ক করা হয়েছে বলে আশিসবাবু জানিয়েছেন।
কোর কমিটির বৈঠক না হওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সরব ছিলেন কাজল। ফলে জেলায় দিনদিন দুই নেতার ঠান্ডা লড়াই বাড়ছিল। যার প্রভাব অনুগামীদের মধ্যেও ছড়িয়ে পড়ছিল। সোশ্যাল মিডিয়ায় এনিয়ে দুই নেতার অনুগামীদের মধ্যে উত্তাপ বাড়ছিল। তার প্রেক্ষিতে এদিন বৈঠকে কী হয়, সেই দিকেই তাকিয়ে ছিল সকলে। বৈঠক শেষে আশিসবাবু বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক সম্পন্ন হয়েছে। মূলত ২১জুলাই শহিদ দিবস নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনা আরও বড় আকারে জেলা কমিটির বৈঠকে হবে। আগামী ২৯ জুন জেলা কমিটির পূর্ণাঙ্গ বৈঠক ডাকা হয়েছে। মূলত, লোকজনদের একত্রিত করা, পথসভা প্রভৃতি বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে। জেলায় দুয়ারে রেশনের মাধ্যমে দীঘার জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ বিলি করা হবে। সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী ও বিভাজনমূলক কার্যকলাপ যারা করছেন, তাঁদের সতর্ক করা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। শহিদ দিবসের পর জেলায় পুরোদমে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হবে। আগামী ১২জুলাই সিউড়িতে কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে। -নিজস্ব চিত্র