সংবাদদাতা, ময়নাগুড়ি: শনিবার ময়নাগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তার গর্ত ভরাট করতে গিয়ে বিতর্কে কাউন্সিলার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ১৬ নম্বর ওয়ার্ডের রাস্তায় গর্ত বোজাতে উদ্যোগ নেন স্থানীয় কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের ললিতা রায়। গর্ত ভরাট করতে বোল্ডার, বড় ইট, কংক্রিট সহ নানা সামগ্রী ফেলা হয়। এদিকে রাস্তার গর্তগুলি ভরাটের পর হতবাক হয়ে যান এলাকার বাসিন্দারা। কাউন্সিলারের নজরদারি নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। কারণ ওই সব সামগ্রী দিয়ে রাস্তার গর্ত ভরাট করার পর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। চলাফেরা করতে সমস্যায় পড়েন পথচারীরা। টোটোচালকরা ক্ষোভ প্রকাশ করেন। টোটোচালকরা কাউন্সিলারের কাছে দ্রুত সামগ্রীগুলি উঠিয়ে নেওয়ার দাবি জানান।
জানা গিয়েছে, ওয়ার্ডের একটি স্কুল থেকে এই সমস্ত পরিত্যক্ত সামগ্রী চেয়ে নিয়ে এসেছেন কাউন্সিলার। স্কুলের প্রধান শিক্ষক সুব্রত ভাদুড়ি বলেন, আমাদের একটি টয়লেট ছিল। সেটা ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। সেই রাবিশই দেওয়া হয়েছে কাউন্সিলারকে।
টোটোচালক সুদর্শন দে বলেন, যা পরিস্থিতি, তাতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটবে। সেক্ষেত্রে আমাদের দোষারোপ করা হবে। একদিকে দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল থাকায় আমাদের টোটার যন্ত্রাংশ খারাপ হচ্ছে। একই বক্তব্য চন্দন রায়, কৃষ্ণ রায়, মলয় রায় সহ অন্য টোটোচালকদেরও। স্থানীয় বাসিন্দা জীবন সাহা, বিকাশ রায় জানান, রাস্তায় যে কাজ করা হয়েছে, তাতে দুর্ঘটনা ঘটবে।
যদিও ললিতার বক্তব্য, রাস্তা খারাপ নিয়ে দীর্ঘদিন ধরে কথা শুনতে হচ্ছে। তাই ভেবেছিলাম গর্তগুলি ভরাট করে দিই। পাড়ার এক হাইস্কুল থেকে কিছু রাবিশ নিয়ে এসেছি। এখন তো দেখছি কাজ করতে গিয়ে উল্টো কথা শুনতে হচ্ছে। সব সামন করে দেওয়া হবে। তখন আর সমস্যা হবে না। নিজস্ব চিত্র।