নিজস্ব প্রতিনিধি, তমলুক: রবিবার নন্দকুমার ব্লকের কুমোরচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৩৩-০ মার্জিনে জয়ী হল তৃণমূল। ৩ কোটি ১৮ লক্ষ টাকা লোপাটের ঘটনায় ২০২৩সালে জুন মাস থেকে ওই সমবায় সমিতির অফিস বন্ধ। ২০২২সালে ওই সমবায় সমিতির বোর্ডের মেয়াদও শেষ হয়েছিল। ২০২৩ সাল নাগাদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ভোটার তালিকায় ত্রুটি থাকার অভিযোগে বিজেপির পক্ষ থেকে নির্বাচন প্রক্রিয়া নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। আদালত নিবাচন প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেয়। ২০২৩সালে মনোনয়ন প্রক্রিয়ার ভিত্তিতেই রবিবার নির্বাচন হয়েছে।
এদিন কুমোরচকে পাঁচটি কেন্দ্রে ভোট হয়। হাইকোর্টের নির্দেশে এদিন ওই সমবায় সমিতির ভোট হয়েছে বলে সমবায় দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে। বিজেপি ২০২৩সালে মনোনয়ন জমা দিলেও এদিন নির্বাচনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেনি। পোলিং এজেন্টের ফর্মও তোলেনি। ৩৩টি আসনের মধ্যে তৃণমূল আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু’টি আসনে জয়ী হয়েছিল। এদিন ৩১টি আসনে ভোট হয়। সবকটি আসনে জয়ী হয় তৃণমূল।
জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রদীপ দে-র নেতৃত্বের ওই সমবায়ে লড়াই করেছিল শাসকদল। প্রদীপবাবু নিজেও প্রার্থী ছিলেন। এর আগের বোর্ডেও সভাপতি ছিলেন তিনি। নতুন বোর্ড গঠন হওয়ার পর ওই সমিতিকে আগের মতো স্বাভাবিক চেহারায় আনতে চায় সমবায় দপ্তর। আগের মতোই কুমোরচক সমবায় সমিতিতে যাতে লেনদেন শুরু হয় সেই পদক্ষেপ দেওয়া হবে বলে তমলুকের এআরসিএস সোমনাথ সেন জানিয়েছেন। তিনি বলেন, কুমোরচক সমবায় সমিতিতে আর্থিক অনিয়মের পর দু’বছর কাজকর্ম হয়নি। বোর্ডও ছিল না। এখন নতুন বোর্ড গঠন হবে। পাশাপাশি সমিতি আগের মতো যাতে স্বাভাবিক গতিতে চলে সেজন্য দপ্তরের পক্ষ থেকে সবরকম উদ্যোগ নেওয়া হবে। বিজেপির নন্দকুমার-১মণ্ডল সভাপতি গোপালকৃষ্ণ বেরা বলেন, তৃণমূলের বোর্ড থাকাকালীন ২০২১সালে ওই সমবায় সমিতিতে তিন কোটি টাকার বেশি তছরুপ হয়েছে। ২০২২সাল নাগাদ বিষয়টি সামনে আসে। সদস্যরা টাকা রেখে নিঃস্ব হয়েছেন। ২০২৩সালে ওই সমবায়ের ভোটপ্রক্রিয়া শুরু হওয়ার সময় আমরা মামলা করেছিলাম। আদালত ভোট স্থগিতের নির্দেশ দেয়। তারপর কোন অর্ডারের ভিত্তিতে ফের ভোট হল সেটা আমাদের কাছে পরিষ্কার করেনি সমবায় দপ্তর। ২০২৩সালে মনোনয়ন জমা পড়েছিল। আমাদের একজন প্রার্থী ইতিমধ্যে মারা গিয়েছেন। দু’বছর আগের প্রার্থী তালিকা নিয়ে এদিন ভোট হল। আমরা এই ভোটে পোলিং এজেন্টের ফর্মও তুলিনি। আমাদের প্রার্থীরাও ভোট দেননি। আমরা ভোট বয়কট করেছি।
তৃণমূল নেতা প্রদীপবাবু বলেন, আদালতের নির্দেশে ভোট হয়েছে। সব নিয়ম মেনেই এদিন নির্বাচন হয়। ৩৩টি আসনের মধ্যে সবকটি আসনে আমরা জয়ী হয়েছি। কুমোরচক সমবায়ে আমরা বোর্ড গঠন করব।-নিজস্ব চিত্র