রাহুল চক্রবর্তী, কলকাতা: কালীর সাধনা মানে শক্তির আরাধনা। সে শক্তি সাধনায় একদা শিষ্য প্রিয়াল চৌধুরী মুখোমুখি এককালের গুরু প্রয়াত সোমেন মিত্রর। কালীপুজোর ময়দানে কার ব্যাট ঝড় তোলে তা দেখার অপেক্ষায় আমহার্স্ট স্ট্রিট। আর কান পাতলে রাজনীতির সূক্ষ্ম সব অঙ্কের কথাও শোনা যাচ্ছে। কংগ্রেসি সোমেনের কালীপুজো চত্বরেই তৃণমূল প্রিয়ালের শক্তি আরাধনা অঙ্কে যোগ করছে অন্য মাত্রা। দু’তরফের পুজো আয়োজকদের মধ্যে যথেষ্ট সৌজন্য ও সুসম্পর্ক। তা সত্ত্বেও হিসেবনিকেশ কম হচ্ছে না। দুই পুজো ঘিরে নয়া অঙ্ক কষা শুরু করে দিয়েছেন রাজনীতির কারবারিরা।
আমহার্স্ট স্ট্রিট সাধারণ শ্রী শ্রী কালীপুজো পরিচিত কংগ্রেস নেতা সোমেন মিত্রর নামে। সোমেন প্রয়াত হন ২০২০ সালে। তারপরও পুজো সোমেনেরই নামে লোকে চেনে। এখন পুজো করেন বাদল ভট্টাচার্য, শিখা মিত্র, খোকন বণিক, সুমন রায়চৌধুরীরা। এবার সোমেনের ভাইপো দেবর্ষি মিত্রও পেয়েছেন পুজো কমিটির যুগ্ম সম্পাদকের পদ। ৮৪ বছরে পা রেখেছে সোমেনের পুজো। সাবেকিয়ানা বজায় রেখে প্রতিমা তৈরি করছেন সনাতন রুদ্র পাল। থাকছে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
আর এবছর আমহার্স্ট স্ট্রিটে নজর কাড়ছে আমহার্স্ট স্ট্রিট সম্মিলীত কালীপুজো। এর মুখ্য আয়োজক তৃণমূল নেতা প্রিয়াল চৌধুরী ও সোমা চৌধুরী। সোমেনের পুজোর ঢিল ছোড়া দূরত্বে এই পুজোর মণ্ডপ। বিস্তর জাঁকজমক সহকারে হচ্ছে পুজো। থিম, নৈহাটির বড়মা আমহার্স্ট স্ট্রিটে। বড়মা’র মন্দিরের অনুকরণে হচ্ছে মণ্ডপ। প্রতিমাতেও থাকছে বিশেষত্ব। উদ্বোধন করবেন মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
‘হঠাৎ কী এমন ঘটল যে প্রিয়াল ধুমধাম করে কালীপুজো করছেন?’ রাজনীতির অলিন্দে কান পাতলে এই একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। প্রিয়ালের ব্যাখ্যা, ‘অঞ্চলের মানুষের দাবি। সবাই বলছেন যেমন বড় আকারে দুর্গাপুজো হয় তেমন আমরাও কালীপুজো বড় আকারে করি। এই দাবি মেনে এবং মানুষের সঙ্গে সম্পর্ক নিবিড় করতেই বড় পুজোর আয়োজন।’ পাশাপাশি তিনি বলেন, ‘মায়ের পুজো নিয়ে কারও সঙ্গে লড়াই নেই। সব পুজো কমিটিকেই আমরা আমন্ত্রণ জানাবো।’
একসময় সোমেন ওরফে ছোড়দার সঙ্গে প্রিয়ালের অত্যন্ত সুসম্পর্ক ছিল। অনেকটা গুরু-শিষ্য যেন। সোমেনের পুজোতে যেতেন প্রিয়াল, সোমারা। এবার কি আগ্রহে খানিক চিড়? সোমেনের দীর্ঘদিনের সঙ্গী বাদল ভট্টাচার্য বলেন, এখানে কোনও রেষারেষির ব্যাপার নেই। প্রিয়াল আলাদাভাবে পুজো করতেই পারে। তবে প্রিয়াল কি একটু অভিমানী?
দুর্গাপুজোয় থিমের প্রতিযোগিতা বরাবর চলে কলকাতায়। এবার কালীপুজোয় আমহার্স্ট স্ট্রিটে যুযুধান গুরু-শিষ্য। কে হাঁকাবে সেঞ্চুরি? গ্যালারিতে অপেক্ষায় আমহার্স্ট স্ট্রিট, কলকাতা ও রাজনীতির কারবারিরা।