সংবাদদাতা, বারুইপুর: বৃষ্টির দাপট কমেছে। কিন্তু এখনও জলমগ্ন বারুইপুর পুরসভার ৪ ও ১৪ নম্বর ওয়ার্ডের কিছু এলাকা। বিশ্রি দুর্ভোগে পড়েছেন নাগরিকরা। ফি বছর এই সমস্যা ভোগ করতে করতে তাঁরা বেজায় ক্ষুব্ধ। অভিযোগ, এই দুটি ওয়ার্ড তো বটেই, কোনো ওয়ার্ডেই নর্দমা পরিষ্কার করা হচ্ছে না। নর্দমায় জল উপচে পড়ছে। চারপাশ ভরেছে ঝোঁপ-জঙ্গলে। কেন এই সমস্যা ভোগ করতে হবে, প্রশ্ন বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, এই ব্যাপারে কোনো নজর নেই কাউন্সিলার থেকে শুরু করে পুরসভা কর্তৃপক্ষের। এনিয়ে চেয়ারম্যান শক্তি রায়চৌধুরীকে ফোন করা হলে তাঁর ফোন সুইচড অফ মিলেছে। বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৪ নম্বর ওয়ার্ড-এর উকিলপাড়া, সারদাপল্লির রাস্তায় এখনও জল জমে। জলমগ্ন ৪ নম্বর ওয়ার্ডের সপ্তর্ষিপল্লি ও পঞ্চাননতলার কিছু অংশ। এই দু’টি ওয়ার্ডেই নিকাশি বেহাল। জল বের হওয়ার পথ বন্ধ। নর্দমা পরিষ্কারও নেই। দুই ওয়ার্ডের ভুক্তভোগী বাসিন্দারা বলেন, ভোটের পর ভোট যায়। কিন্তু সমস্যার সমাধান হয় না। শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়। এতো বছরেও পুরসভার বেহাল নিকাশি সমস্যার সমাধান হয়নি। যার ফল ভোগ করতে হচ্ছে। জল থেকে পচা গন্ধ বেরচ্ছে, পোকা-মাকড় ঘুরে বেড়াচ্ছে। যাতায়াত করাই দুষ্কর। কাউন্সিলারদের জানানো হলেও কাজ হয়নি। জলমগ্ন ওয়ার্ডগুলির বাসিন্দাদের বক্তব্য, জল সরে গেলেও নর্দমা পরিষ্কার বন্ধ। নর্দমা থেকে ঠিক মত ময়লা তোলা হয় না। প্লাস্টিক আটকে থাকে। ফলে জল ভরে আছে নর্দমায়। এদিকে কোনো নজর নেই পুরসভার। এমনকী, পচা দুর্গন্ধ এড়াতে ব্লিচিং পাউডার পর্যন্ত দেওয়া হয় না। নামে পুরসভা চলছে। কাউন্সিলারদের দেখা তো দূর, ফোনেও পাওয়া যায় না।



