কলকাতা, ২১ আগস্ট: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভ-অবরোধের ঘটনা অব্যাহত। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র ধরা পড়েছে একই চিত্র। এমনকি মহিলাদের রোষ থেকে রেহাই পেলেন না রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাইনি কেন? শুক্রবার মেদিনীপুরের জেলাশাসক দপ্তরে তাঁকে সামনে পেয়ে প্রশ্ন করলেন মহিলারা। এই ঘটনার জেরে সাময়িকভাবে উত্তেজনা ছড়ায়।
আগে মাসে নিয়ম করে ১,৫০০ টাকা ঢুকত ব্যাংক অ্যাকাউন্টে। তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। কথা ছিল, এবার মাসে ৩,০০০ টাকা পাবেন ‘লক্ষ্মীরা’। সরকারি মানদণ্ডে ‘যোগ্য’ হয়েও এমাসে এখনও টাকা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন মহিলারা। আজও একাধিক স্থান থেকে তাঁরা পথে নেমে এসেছেন। আরও উল্লেখযোগ্য বিষয় হল, এবার সেই বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে কলকাতার উপকণ্ঠে। বিরাটিতে মহিলাদের ট্রেন অবরোধের ঘটনা ঘটেছে।
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি যোগ্যরা। এই অভিযোগে প্রথমে উত্তর দমদম পুরসভায় বিক্ষোভ করেন মহিলারা। এরপর বিরাটি স্টেশনের কাছে শুরু হয় রেল অবরোধ। হাওড়ার উলুবেড়িয়া মহকুমাশাসকের কার্যালয়ে এবং বাগনানের বিডিও অফিসে এদিও ভিড় করেছিলেন মহিলারা। বিক্ষোভও চলে। এদিকে রাস্তা অবরোধের খবর পাওয়া গিয়েছে আলিপুরদুয়ারের ভাটিবাড়ি, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ও জলপাইগুড়ি শহর, পশ্চিম মেদিনীপুরের দাঁতন, ঝাড়গ্রাম শহর, পূর্ব বর্ধমানের কালনা থেকে। এছাড়াও একাধিক জেলা থেকে বিক্ষোভের খবর পাওয়া গিয়েছে।