নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ‘ফাঁকিবাজ’ নেতাদের চিহ্নিত করছে তৃণমূল। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য নেতৃত্ব বেশকিছু কর্মসূচি ঘোষণা করেছে। সেগুলি বেশ কয়েকজন নেতা ঠিকঠাক পালন করেননি। ওই সমস্ত নেতাদের তালিকা তৈরি করা হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সামনে ২১জুলাই। জেলার প্রতিটি ব্লক থেকে বেশি সংখ্যক কর্মী-সমর্থককে নিয়ে যাওয়ার টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। রবিবার তৃণমূলের জেলা নেতৃত্ব তা নিয়ে কাটোয়ায় বৈঠক করেছে। ওই কর্মসূচি সফল করার জন্য প্রতিটি পঞ্চায়েত এলাকায় লাগাতার প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেওয়াল লিখনের পাশাপাশি কর্মিসভা করার জন্য বলা হয়েছে। কোনও নেতা নির্দেশ অমান্য করলে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
দলের এক নেতা বলেন, শাখা সংগঠনের পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছে। কয়েকটি ব্লকে রদবদল করা হবে। তার আগে সমস্তস্তরের নেতাদের উপরই নজরদারি শুরু হয়েছে। ব্লকস্তরের নেতাদের ভোটার তালিকা সংশোধনের কাজও দেখতে বলা হয়েছিল। সেই কাজও কয়েকজন নেতা ভালোভাবে করতে পারেননি। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, সংগঠন মজবুত করতে নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে তা সবাইকে মেনে চলতে হবে।
দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, ব্লক থেকে বুথস্তরের নেতাদের উপরও নজরদারি শুরু হয়েছে। তাঁরা জনসংযোগ রাখছেন কিনা সেদিকে নেতৃত্ব নজর রাখছে। ফাঁকিবাজি করলে বুথস্তরের নেতাদের ক্ষেত্রেও একইরকম পদক্ষেপ নেওয়া হবে বলে শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের ফাঁকফোকর মেরামত করার টার্গেট নেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে তৃণমূল পূর্ব বর্ধমানে নজরকাড়া ফল করেছে। কিন্তু তারপরও নেতৃত্ব আত্মসন্তুষ্টিতে ভুগতে নারাজ। যেসব বুথে ফল খারাপ হয়েছিল সেগুলি চিহ্নিত করা হয়েছে। কেন ফল প্রত্যাশিত হয়নি তা নিয়ে স্থানীয় নেতাদের কাছে ব্যাখাও চাওয়া হয়েছে। ওই বুথগুলিতে নতুন মুখ তুলে আনা হতে পারে। একইভাবে কয়েকজন অঞ্চল সভাপতি পদেও রদবদল হতে পারে।