Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিধানসভা ভোটে বালুরঘাট দখলে সুভাষ চাকীকে দায়িত্ব দিল তৃণমূল

পূর্বের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ঘর গোছাতে শুরু করল তৃণমূল কংগ্রেস।

বিধানসভা ভোটে বালুরঘাট দখলে  সুভাষ চাকীকে দায়িত্ব দিল তৃণমূল
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: পূর্বের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ঘর গোছাতে শুরু করল তৃণমূল কংগ্রেস। বালুরঘাট শহরের টাউন সভাপতি প্রীতম রাম মণ্ডলকে সরিয়ে ওই পদে আনা হল জেলার সহ সভাপতি তথা বর্ষীয়ান নেতা সুভাষ চাকীকে। শহরের সহ সভাপতি হিসেবে কাউন্সিলার সুরজিৎ সাহাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শহরের যুব সভাপতিকেও বদলে ওই পদে নতুন মুখ আনা হয়েছে। 

Advertisement

শুধু শহর নয়, ব্লক সভাপতি পদে কৌশিক চৌধুরীকে সরিয়ে পঞ্চায়েত সমিতির সদস্য মলয় মণ্ডলকে আনা হয়েছে। হিলি ব্লকেও সভাপতি বদল হয়েছে। সেখানে অমিত বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। 
ভোটের আগে বালুরঘাট ব্লকে এই রদবদল নিয়ে দলেও চর্চা চলছে। জেলার প্রায় সব ব্লকে বিপ্লব মিত্র ঘনিষ্ঠদের প্রাধান্য। ফলে বিপ্লব বিরোধী গোষ্ঠী কার্যত কোণঠাসা। এনিয়ে তৃণমূলের অন্দরে চাপা ক্ষোভ দেখা গিয়েছে। এবিষয়ে জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের বক্তব্য, রাজ্য থেকে ব্লক কমিটির নাম এসেছে। কোথাও খুব একটা পরিবর্তন হয়নি। বালুরঘাট বিধানসভাতেই বেশি পরিবর্তন দেখা গিয়েছে। 
গত বিধানসভায় আমরা অনেকটা পিছিয়েছিলাম। ভালো ফল হয়নি। সেজন্য হয়তো নেতারাই দায়ী। তবুও সামনের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এই পরিবর্তন হয়েছে। আশা করছি, সবাই একসঙ্গে কাজ করে এবছর ভালো ফল করব। 
দলের অন্দরের ক্ষোভ প্রসঙ্গে জেলা সভাপতি বলেন, সবাই সারাজীবন একই পদে থাকে না। একসময় আমাকেও সরতে হবে। বালুরঘাট শহরের নবনিযুক্ত টাউন সভাপতি সুভাষ বলেন, দলের সর্বোচ্চ নেতৃত্ব এই দায়িত্ব দিয়েছে। সবাই মিলে লড়াই করে এই আসন পুনরুদ্ধার করব। 
দক্ষিণ দিনাজপুর জেলায় ছয়টি বিধানসভা, আটটি ব্লক ও তিন শহর রয়েছে।  সব পদেই মন্ত্রী ঘনিষ্ঠদের আনা হয়েছে। হরিরামপুর, কুশমণ্ডি ও কুমারগঞ্জে তিন বিধায়কের পছন্দের নেতাকেই সভাপতি করা হয়েছে। হরিরামপুর, কুশমণ্ডি, বংশীহারি, গঙ্গারামপুর ব্লক ও গঙ্গারামপুর টাউনে ব্লক সভাপতির পরিবর্তন হয়নি। শুধুমাত্র বুনিয়াদপুর শহর সভাপতির পরিবর্তন হয়েছে। তপন ব্লকেও পরিবর্তন হয়নি। কুমারগঞ্জ ব্লকে পরিবর্তন হয়েছে। সেখানে বিধায়ক তোরাফ হোসেন মণ্ডলের পছন্দের লোককে সভাপতি করা হয়েছে। এদিকে হিলি, বালুরঘাট, বালুরঘাট টাউনে সভাপতি বদল হয়েছে। সব ব্লকেরই যুব, মহিলা, আইএনটিটিইউসির সভাপতিদের কমবেশি বদল করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ