নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভূপর্যটক’ বলে আক্রমণ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রীর পাঁচ দেশ সফর নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল নেতারা। বুধবার আটদিনের সফরে বিদেশে গিয়েছেন প্রধানমন্ত্রী। এই দফায় পাঁচটি দেশে যাবেন তিনি। এই সফর নিয়ে তৃণমূল বলেছে, বিদেশনীতির ভগ্নদশা স্পষ্ট। সেখানে নরেন্দ্র মোদির বিদেশ সফর থেকে দেশ কতটা লাভবান হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থাকছেই।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, ভূপর্যটক প্রধানমন্ত্রী। তিনি বিদেশ সফর করতে ভালোবাসেন। কিন্তু নিজের দেশের মণিপুরে যাওয়ার সময় তিনি পান না। এত কূটনৈতিক চেষ্টা করার পর, বিদেশ মন্ত্রক এত কিছু করার পরেও আমরা এখনও পাকিস্তানকে আন্তর্জাতিক ক্ষেত্রে একঘরে করতে পারিনি। পহেলগাঁওয়ে জঙ্গিহানার ঘটনার পর ৭০ দিন কেটে গিয়েছে। কিন্তু সেই হামলাকারী জঙ্গিরা কোথায়? কেন তাদের ধরা গেল না? এসব প্রশ্নের জবাব প্রধানমন্ত্রী দিতে পারবেন কি?
এর পাশাপাশি রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, পাঁচটি দেশ সফরে বেরিয়ে পড়েছেন প্রধানমন্ত্রী। তিনি নিজেকে ‘বিশ্বগুরু’ হিসেবে তুলে ধরতেই প্রয়াসী, কিন্তু পাকিস্তানকে ‘কালো’ তালিকাভুক্ত করতে পারেননি। বরং বিশ্ব দরবারে পাকিস্তান নানা সুযোগ-সুবিধা পেয়ে যাচ্ছে! কিন্তু কীভাবে? তার জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আরও মন্তব্য করেছে, এটি শুধু বিদেশনীতির ব্যর্থতা নয়, এটি একটি কূটনৈতিক বিপর্যয়!