Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মধ্য হাওড়ায় বাজার এলাকাগুলির সংস্কার ও আধুনিকীকরণের বার্তা দিয়ে প্রচার তৃণমূলের

অপরিকল্পিতভাবে রাস্তা দখল করে গড়ে ওঠা দোকানপাট, ঘিঞ্জি পরিবেশ, বেহাল নিকাশি ব্যবস্থা এবং নিত্যদিনের তীব্র যানজট— এই চার সমস্যাকেই ঘিরে ক্রমশ জটিল হয়ে উঠেছে মধ্য হাওড়ার একাধিক বাজার এলাকা।

মধ্য হাওড়ায় বাজার এলাকাগুলির সংস্কার ও  আধুনিকীকরণের বার্তা দিয়ে প্রচার তৃণমূলের
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: অপরিকল্পিতভাবে রাস্তা দখল করে গড়ে ওঠা দোকানপাট, ঘিঞ্জি পরিবেশ, বেহাল নিকাশি ব্যবস্থা এবং নিত্যদিনের তীব্র যানজট— এই চার সমস্যাকেই ঘিরে ক্রমশ জটিল হয়ে উঠেছে মধ্য হাওড়ার একাধিক বাজার এলাকা। শহরের প্রাণকেন্দ্রের এই বাজারগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের মধ্যে। এই প্রেক্ষাপটে বাজারগুলির সংস্কার ও সুপরিকল্পিত নিকাশি ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতিকে সামনে রেখে প্রচারে জোর দিয়েছেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়।

Advertisement

মধ্য হাওড়ার ২৭ নম্বর ওয়ার্ডে কালীবাবুর বাজার দীর্ঘদিনের পুরানো হলেও বর্তমানে তা কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। বাজারের সীমানা ছাড়িয়ে দোকানপাট ছড়িয়ে পড়েছে নেতাজি সুভাষ রোডের দু’পাশে। রাস্তার একাংশ দখল করে দোকান বসানো এবং অবাধ পার্কিংয়ের ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট লেগেই থাকছে। একইসঙ্গে খারাপ রাস্তা, নিকাশি ব্যবস্থার বেহাল দশা ও আবর্জনার সমস্যা এলাকাটিকে আরও অস্বস্তিকর করে তুলছে। এই পরিস্থিতি পরিবর্তনের আশ্বাস দিয়ে বর্ষীয়ান তৃণমূল প্রার্থী অরূপ রায় জানিয়েছেন, জমি সংক্রান্ত শরিকী সমস্যার সমাধান হলে কালীবাবুর বাজারকে আধুনিক রূপ দেওয়ার কাজ শুরু হবে। স্থানীয় ব্যবসায়ীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘নিকাশি ও আবর্জনা সমস্যার দ্রুত সমাধান হলে ব্যবসার পরিবেশ অনেকটাই উন্নত হবে।’ বাজারের মূল ভ্যাট নিয়মিত পরিষ্কার হওয়া অত্যন্ত প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে, ৩৩ এবং ৩৮ নম্বর ওয়ার্ডে চ্যাটার্জিহাট বাজার এলাকায় একই চিত্র। থানা সংলগ্ন রাস্তাজুড়ে বাজার বসায় প্রতিদিনই তৈরি হচ্ছে যানজট। পাশাপাশি নিকাশি ব্যবস্থার অবনতি এবং রাস্তার উপর ছড়িয়ে থাকা আবর্জনা সমস্যাকে আরও জটিল করে তুলেছে। শিবপুরের ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ডের সন্ধ্যাবাজারেও জায়গার অভাব ও অপরিকল্পিত বিস্তারের ফলে একই ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। সেখানেও নিকাশি সুরাহার দাবি উঠেছে। প্রচারে তৃণমূলের দাবি, আগামী দিনে মধ্য হাওড়ার এই বাজারগুলিকে আধুনিক ও সুসংগঠিত রূপ দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। তবে এই ইস্যুতে শাসকদলকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি ও সিপিএম। বিজেপি প্রার্থী বিপ্লব মণ্ডল কটাক্ষ করে বলেন, ‘তিনবার বিধায়ক হয়েও অরূপ রায় এতদিন কোনো কাজ করেননি, এখন ভোটের আগে তাঁর মুখে প্রতিশ্রুতির খই ফুটছে।’ 
সিপিএম প্রার্থী ইমতিয়াজ আহমেদের অভিযোগ, ‘বেআইনি দখল ও প্রোমোটিংয়ের কারণেই বাজারগুলির এই হাল। মূল জায়গা ছেড়ে বাজারগুলিকে রাস্তার দু’পাশে বসতে হচ্ছে। এখন সেই ব্যর্থতা ঢাকতেই প্রচারে চমক দেওয়ার চেষ্টা চলছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ