নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: এসআইআর-এর বিরুদ্ধে দমদম-বারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। কাঁচরাপাড়ার কাঁপা মোড় থেকে রাজারহাট পর্যন্ত রিলে পদযাত্রা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই কারণেই ওই আন্দোলনের কর্মসূচি ঠিক করতে আগামী শুক্রবার বিকেল চারটে টিটাগড়ের জেলা অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল দমদম বারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল। সেই বৈঠকে প্রতিটি টাউন, ব্লক কমিটির সভাপতি, প্রতিটি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রতিটি শাখা সংগঠনের পদাধিকারীদের ডাকা হয়েছে। সেখানেই আলোচনা করে আন্দোলনের রূপরেখা তৈরি হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। বুথে বুথে এসআইআর নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।
এই ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তারমধ্যে দমদম বারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস ঘর গোছাতে বৈঠক ডাকল। এর আগে ভোটার তালিকা সংশোধনের কাজ করার ক্ষেত্রে এইভাবে বৈঠক করে বিধানসভা ধরে ধরে কর্মসূচি ঠিক করা হয়েছিল। একইভাবে গত লোকসভা ভোটের আগে বিধানসভা ধরে ধরে কর্মসূচি নিয়ে তৃণমূলের সংগঠনকে সাজানো হয়েছিল। লোকসভা ভোটে তার ফল পেয়েছে তৃণমূল। বারাকপুর লোকসভা কেন্দ্র দখল নিয়েছে তৃণমূল।
এবার এসআইআর ইস্যুতে প্রতিটি শাখা সংগঠনকে সঙ্গে নিয়ে পথে নামছে দমদম বারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল। এই সাংগঠনিক জেলার জেলা সভাপতি তথা সংসদ সদস্য পার্থ ভৌমিক বলেন, এসআইআর ইস্যুতে দলের যে কর্মসূচি নেওয়া হবে তা যেমন পালন করা হবে, তার পাশাপাশি আমাদের সাংগঠনিক জেলা নিজে কর্মসূচি গ্রহণ করবে। তার জন্য শুক্রবার আলোচনা সভা ডাকা হয়েছে। সেখানে দলের সব ব্লক সভাপতি, শাখা সংগঠনের সভাপতি, পুরসভার চেয়ারম্যানদের ডাকা হয়েছে। সেখানে বিস্তারিত আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এসআইআর ইস্যুতে একেবারে বুথস্তরে আন্দোলনকে নিয়ে যাওয়া হবে।