Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাবাদিঘি রেল প্রকল্পের কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানি তৃণমূল-পদ্ম শিবিরের

জট কাটিয়ে ভাবাদিঘির রেলের কাজ শুরুর জন্য প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে হোর্ডিং দিল বিজেপি। আরামবাগজুড়ে রাস্তায় দেওয়া হয়েছে মন্ত্রীদের ছবি সম্বলিত হোর্ডিং।

ভাবাদিঘি রেল প্রকল্পের কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানি তৃণমূল-পদ্ম শিবিরের
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: জট কাটিয়ে ভাবাদিঘির রেলের কাজ শুরুর জন্য প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে হোর্ডিং দিল বিজেপি। আরামবাগজুড়ে রাস্তায় দেওয়া হয়েছে মন্ত্রীদের ছবি সম্বলিত হোর্ডিং। এই হোর্ডিং ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভাবাদিঘির কাজ শুরু করা নিয়ে বিজেপিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি, রেলের কাজ নিয়ে রাজনৈতিক লোটার চেষ্টা করছে বিজেপি। 

Advertisement

শুক্রবার পুরশুড়ার বিধায়ক বিজেপির বিমান ঘোষের উদ্যোগে রাস্তায় হোর্ডিং দেওয়া হয়েছে। বিমানবাবু দাঁড়িয়ে থেকে সেই কাজের তদারকি করেন। তাঁর দাবি, গোঘাটের কামারপুকুর থেকে চাঁপাডাঙা পর্যন্ত হোর্ডিং লাগানো হচ্ছে। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি পলাশ রায় বলেন, তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত রেল প্রকল্প বানচাল করতে ভাবাদিঘি নিয়ে জট পাকিয়েছিল বিজেপি সহ বিরোধীরাই। বর্তমানে আদালতের নির্দেশে রাজ্য সরকারের হস্তক্ষেপে ভাবাদিঘির জট কেটে কাজ হচ্ছে। এতদিনে রেল ব্রিজ তৈরির সিদ্ধান্ত নিলেও মাঝে কয়েকবছর গোঘাট সহ অন্যান্যকে উন্নয়নে পিছিয়ে রাখা হল। তার জেরে বিজেপির মুখেই চুনকালি পড়েছে। এখন ধন্যবাদ জ্ঞাপনের হোর্ডিং দিয়ে নাটক করছে। তাতে কোনও লাভ হবে না। 
বিধায়ক বিমানবাবু বলেন, আদালতের হস্তক্ষেপে কাজ শুরু হলেও ভাবাদিঘিতে প্রকল্প বাস্তবায়নে শেষমেশ ভারত সরকারই উদ্যোগ নিয়েছে। তবেই সেখানে কাজ হচ্ছে। মানুষের তা জানা দরকার। তাই দেশের প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে হোর্ডিং দিয়েছি। এখানে তৃণমূলের মন্তব্য ভিত্তিহীন। তারা শুধু দূর থেকে কাজ দেখুক। 
উল্লেখ্য, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল প্রকল্প নির্মাণের ঘোষণা করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ থেকে গোঘাট পর্যন্ত ট্রেন চললেও তারপর ভাবাদিঘিতে জমি জটে প্রায় দেড় দশকের বেশি সময় ধরে থমকে যায় রেল প্রকল্পের কাজ। ভাবাদিঘির জলাশয় বাঁচিয়ে রেল পথ নির্মাণের দাবিতে আন্দোলনে নামেন সেখানকার বাসিন্দারা। মাঝে একাধিকবার তা নিয়ে উত্তেজনাও ছড়ায়। সম্প্রতি আদালতের নির্দেশে ভাবাদিঘিতে কাজ শুরু হয়েছে। পূর্ব রেল জানিয়েছে, ভাবাদিঘির উপর সেতু করে রেল পথ নির্মাণ করা হবে। সেতুর মাধ্যমেও যুক্ত করা হবে গোঘাট ও কামারপুকুর স্টেশনকে। সম্প্রতি ভাবাদিঘিতে ভূমি পুজোর মাধ্যমে নির্দিষ্ট দাগেও কাজ শুরু করেছে রেল। নির্বিঘ্নে চলছে কাজ।

Advertisement
সম্পর্কিত সংবাদ