Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহে দেওয়ালে প্রতীক এঁকে ভোট প্রচার শুরু তৃণমূলের

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও পুরাতন মালদহ শহরে ভোটের প্রস্তুতি কার্যত শুরু করে দিয়েছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শহরে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

পুরাতন মালদহে দেওয়ালে প্রতীক এঁকে ভোট প্রচার শুরু তৃণমূলের
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও পুরাতন মালদহ শহরে ভোটের প্রস্তুতি কার্যত শুরু করে দিয়েছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শহরে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেই লক্ষ্য নিয়ে শুক্রবার দুপুরে শহরের ১৯ নম্বর ওয়ার্ডের ছানা পুকুর এলাকায় তৃণমূলের পক্ষ থেকে দেওয়াল লিখন করা হল। আগামীতে ওই ওয়ার্ডের পালপাড়া, নতুন পল্লি সহ বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন হবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। তবে দেওয়াল এদিন কোনো প্রার্থীর নাম লেখা হয়নি। দেওয়ালে শুধুমাত্র দলের জোড়াফুল প্রতীক চিহ্ন আঁকা হয়েছে। শুধু তাই নয়, মহিলা ভোট টানতে উদ্যোগী হয়েছে তৃণমূল। দেওয়াল লিখনে জায়গা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। সেখানে প্রকল্পের অনুদান বৃদ্ধির কথা উল্লেখ রয়েছে। 

Advertisement

ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকদের এদিন পাড়ায় পাড়ায় প্রচারেও দেখা যায়। এতে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি’র মালদহ জেলা সভাপতি তথা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বজিৎ হালদার সহ অন্যরা। প্রচারে নেমেই জেলার তৃণমূল নেতা বিশ্বজিৎ বিজেপিকে হারানোর ডাক দেন। তিনি বলেন, ভোট আসছে। সেজন্য আমরা দেওয়াল লিখনে নেমেছি। বিজেপি মানেই ভাঁওতা। ফি বছর শহরের মানুষের ভোট নিয়ে যায়। কিন্তু মানুষের জন্য কোনো কাজ করে না। শহরের ওয়ার্ডে ওয়ার্ডে সমস্ত উন্নয়ন মুখ্যমন্ত্রী করেছেন। আমরা মানুষকে বোঝাচ্ছি। যেন এবার এই সিট দলের হাতে তুলে দিতে পারি। 
উল্লেখ্য, মালদহ বিধানসভা বিজেপির দখলে। গত লোকসভা নির্বাচনে উত্তর মালদহের তৃণমূলের ভোট ভালো হয়নি। পুরাতন মালদহ শহরে ২০টি ওয়ার্ডে তৃণমূল মুখ থুবড়ে পড়ে। এবার সেই পরিসংখ্যান বদলে যাবে বলে দাবি। আইএনটিটিইউসি’র জেলা সভাপতি বলেন, তৃণমূল পরিচালিত পুরসভা বিপদে মানুষের পাশে থাকে। ওয়ার্ডে ওয়ার্ডে ছ’কোটি টাকার বেশি বরাদ্দে পাড়ায় সমাধান প্রকল্পের কাজ হচ্ছে। আগামীতে দল জিতলে শহরে উন্নয়ন হবে। শহরের ১৮ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান। সিংহভাগ ভোট এবার আমাদের পক্ষে হবে। স্থানীয় বিধায়ক বিজেপির গোপাল সাহা বলেন, আমাদের বিধানসভা কেন্দ্র বিজেপির মাটি। এগুলি করে লাভ হবে না। বিজেপি ফের এখান থেকে জিতবে। লক্ষ্মীর ভাণ্ডারে কিছু হয় না। মানুষ কর্মসংস্থান চায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ