লন্ডন: আমেদাবাদে বিমান দুর্ঘটনার পর চারিদিকেই শোকের ছায়া। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামলেন রাবাডা-কামিন্সরা। দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া টেস্টে শুক্রবার ছিল তৃতীয় দিন। খেলা শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কালো ব্যান্ড পরার সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু ক্রিকেটার নয়, আম্পায়াররাও তা পরেছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার আমেদাবাদ থেকে ওড়ার কয়েক মিনিট পরেই এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান ভেঙে পড়ে। বিমানবন্দরের কাছে মেডিক্যাল কলেজ ও হস্টেলে ধাক্কা খায় বিমান। ভয়াবহ দুর্ঘটনায় ২৬৫ জন প্রাণ হারান। টেস্ট সিরিজের আগে ইংল্যান্ডে প্রস্তুতি চলছে শুভমান গিলদের। প্র্যাকটিসের আগে নীরবতা পালন করে টিম ইন্ডিয়া। পাশাপাশি শুক্রবার ওয়ার্ম-আপ ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা কালো ব্যান্ড পরে মাঠে নামেন।



