


পৌরাণিক কাহিনির ছোটো ছোটো অংশবিশেষে বর্ণিত ‘পারিজাত-৩’ শীর্ষক এক মনোজ্ঞ অনুষ্ঠানে গুরু কেলুচরণ মহাপাত্রের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হল। জি ডি বিড়লা সভাঘরে গুরুকুল আয়োজিত এই অনুষ্ঠানে সুতপা তালুকদার সৃষ্ট একগুচ্ছ ওড়িশি নৃত্য সমারোহের মধ্যে ‘রামপদো ভজন’-এ শ্রীরামচন্দ্রের পাদুকা মাহাত্ম্য তুলে ধরা হয়। নৃত্যাঙ্গিকে পুরো বিষয়টি অপূর্ব অঙ্গভঙ্গিমা ও অভিব্যক্তিতে ফুটিয়ে তোলেন শুভব্রত চ্যাটার্জি, শৌভিক মোদক, ঐশী ভট্টাচার্য ও অঞ্জিষ্ঠা মল্লিক। ঝিঝটি রাগ এবং ত্রিপটা ও তালমালিকা তালে আধারিত এটি অনবদ্য। নন্দিনী ঘোষাল পরিবেশিত দ্বিতীয় নৃত্যটি একতালি তালে ও বিলহারি রাগে নিবদ্ধ কৃষ্ণের সঙ্গে প্রথম দর্শনের কথা রাধা তাঁর সখীদের ব্যাখা করে। তৃতীয়টি মুখহারি পল্লবী।
কলি ঘোষ