নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী তথা আদিবাসীদের ভগবান বিরসা মুন্ডার ১৫১ তম জন্মবার্ষিকী এবার মহা সমারোহে উদযাপন করতে চলেছে বীরভূম জেলা বিজেপি। বৃহস্পতিবার সিউড়িতে দলের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই মেগা কর্মসূচির রূপরেখা তুলে ধরেন পদ্মের বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় । সঙ্গে ছিলেন দলের এসটি মোর্চার সভাপতি সুনীল মুর্মু। জানা গিয়েছে, ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিনকে ইতিমধ্যেই সরকার ‘জনজাতি গৌরব দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই সূত্র ধরেই প্রশাসন ও দলের যৌথ উদ্যোগে জেলায় নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। মূল সরকারি অনুষ্ঠানগুলি আয়োজিত হবে রাজনগর এবং বোলপুর-শান্তিনিকেতন ব্লকে। পাশাপাশি রামপুরহাট ১ ব্লকের মাসরা গ্রাম, সাঁইথিয়ার আমোদপুর, সিউড়ির আমগাছি ও পুরন্দরপুর এবং মহম্মদবাজারের প্যাটেল নগরেও এই বিশেষ দিনটি পালিত হবে। এই কর্মসূচিতে আদিবাসী সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করাই বিজেপির লক্ষ্য। উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় জানান, আদিবাসী সমাজকে যুক্ত করতে দল ও সরকারের উদ্যোগে ফুটবল, তীরন্দাজি, কুইজ ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি ঘরে, ঘরে গিয়ে জনসংযোগের মাধ্যমে তাঁদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। কর্মসূচিকে সফল করতে জোরকদমে মাঠে নেমেছে বিজেপির এসটি মোর্চা। মোর্চার সভাপতি সুনীল মুর্মু জানান, পূর্বতন সরকারের আমলে আদিবাসীরা তাঁদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত ছিলেন। বর্তমান সরকারের এই পদক্ষেপে আদিবাসী সমাজ আনন্দিত। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি দলীয় স্তরেও জেলার প্রতিটি মণ্ডলে এই দিনটি গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হবে।



