রঞ্জুগোপাল মুখোপাধ্যায়, বাঁকুড়া; বেআইনি বালি খাদানকে ঘিরে মারামারি, খুনোখুনির ঘটনা ঘটেছে প্রচুর। সেই অশান্তি বন্ধ করতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বাঁকুড়ার রাইপুর ব্লকের হলুদকানালিতে বাঁদনা পরব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কোনো অবৈধ বালি খাদান থাকবে না। বিগত সরকারের আমলে বেআইনি বালি খাদানের টাকা চোরেদের পকেটে ঢুকেছিল। সব বেআইনি খাদানকে বৈধ করা হবে। বালির দাম যাতে না বাড়ে তারজন্যই এই উদ্যোগ। সব খাদান বৈধ হলে সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, জঙ্গলমহল সহ রাজ্যের বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরেই রমরমিয়ে বেআইনি বালি খাদান চলছে। পুলিশ, প্রশাসন, ভূমিদপ্তর ও রাজনৈতিক নেতাদের একাংশের মদতে দেদার বালি পাচার হত। বালি মাফিয়ারা তাদের কাছে নির্দিষ্ট সময়ে ‘ভেট’ পাঠিয়ে দিত। এরফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হত। নেতা ও আধিকারিকরা ফুলেফেঁপে উঠতেন। রাজ্যে পালা বদলের পর বেআইনি বালি-পাথরের কারবার বন্ধে উদ্যোগী হয়েছে সরকার। এদিনের মুখ্যমন্ত্রীর বার্তা পুলিশ ও ভূমিদপ্তর বেআইনি খাদান বন্ধের ব্যাপারে নড়েচড়ে বসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন বিকাল ৩টে নাগাদ মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের চেপে হলুদকানালির বিরসা মুণ্ডা মেমোরিয়াল কলেজ ময়দানে পৌঁছান। তিনি প্রাকৃতিক সম্পদ লুট নিয়ে সরব হন। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারের আমলে মূলবাসীদের জমি কেউ হস্তগত করতে পারবে না। নদীর পাশাপাশি অরণ্য, জল, পাহাড় রক্ষা করার দায়িত্ব আমরা নেব। কোনো পাহাড়, কোনো জঙ্গলে কাউকে হাত দিতে দেব না। আমি এব্যাপারে জঙ্গলমহলের মানুষকে কথা দিতে পারি। জঙ্গলমহলের উন্নয়নে কার্পণ্য করা হবে না।
মুখ্যমন্ত্রী বলেন, আবাস যোজনার আওতায় আরও সাত লক্ষ উপভোক্তাকে আমরা দ্বিতীয় কিস্তির টাকা দিতে চলেছি। আজ, শুক্রবার নবান্ন থেকে সারা রাজ্যের জন্য ৪২০০ কোটি টাকা ছাড়া হবে। বাঁকুড়ায় আগামী দিনে ২ লক্ষ ৯৫ হাজার পরিবার যোজনার আওতায় গৃহ নির্মাণ করতে পারবেন। বাঁকুড়ায় এখনও পর্যন্ত ৮ লক্ষ ৩০ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনায় টাকা পেয়েছেন। আগামী দিনে যোগ্য আবেদনকারীদের মধ্যে থেকে আরও ৫০ হাজার মহিলাকে টাকা দেওয়া হবে। সাড়ে ১৮ লক্ষ জেলাবাসীকে আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড দেওয়া হয়েছে। যাঁরা কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্ভুক্ত হননি, তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় আবেদন করলেও, প্রায় একইরকম সুবিধা পাবেন। শুভেন্দুবাবু আরও বলেন, ১২৫ দিনের কাজে সবাই অংশ নিন। বাড়িতে জবকার্ড থাকলেই কাজ পাবেন। আমরা শ্রমিকদের কাজ দিতে বদ্ধপরিকর। এক বছরের মধ্যে যোগ্যতা অনুযায়ী আমরা এক লক্ষ সরকারি চাকরি দেব। শিক্ষক ও কনস্টেবল সহ সরকারি বিভিন্ন পদে মেধার ভিত্তিতে নিয়োগ হবে। আইন অনুযায়ী এসসি, এসটি, ওবিসিদের সুযোগ দেওয়ার পাশাপাশি তোষণের রাজনীতি চিরতরে বাংলা থেকে মুছে দেওয়ার জন্য কাজ করব।



