প্রেমের সম্পর্কের জেরে দুই পরিবারের সংঘর্ষ, মৃত ১
  • ১২ নভেম্বর, ২০২৬ ২১:৫৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদ। সেই বিবাদের জেরে বাড়ি থেকে এক মহিলাকে বের করে দেওয়ার অভিযোগ। আর তা নিয়ে আলোচনার মধ্যেই দুই পক্ষের মধ্যে শুরু হয় মারামারি। ভাইকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ভাইপো। শেষ পর্যন্ত প্রাণ যায় তাঁর। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ থানার মীরা এলাকার আলমডাঙায়। মৃতের নাম রাইদুল শেখ (২৮)। মীরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।‌ সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

পরিবারের সদস্য আব্দুলা খাতুনের দাবি, তাঁর ছোট দাদার ছেলে এবং মেজো দাদার মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কথা পরিবারে জানানো হলেও বিয়েতে সম্মতি মেলেনি বলে অভিযোগ। পরে মেয়েটির অন্যত্র বিয়ে দেওয়া হয়। গত দু’বছরে ওই দম্পতির একটি কন্যাসন্তানও হয়। বর্তমানে শিশুটির বয়স আট-নয় মাস। কিন্তু দিন দু’য়েক আগে শ্বশুরবাড়ি থেকে ওই মহিলাকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর তিনি প্রথমে আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে তাঁদের বাড়িতে এলে পরিবারের অন্য সদস্য তাঁকে নিয়ে যান।

আব্দুলার বক্তব্য, বৃহস্পতিবার ওই মহিলাকে ঘরে ঢোকানো নিয়ে ফের বিবাদের সূত্রপাত হয়। বাড়ির দরজা খুলে তাঁকে ঘরে যেতে বলা হলেও তিনি রাজি হননি। বরং হাতে লাঠি নিয়ে মারতে উদ্যত হন বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানায় ফোন করা হয়। কিন্তু পরবর্তী বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার কথা বলেন বলে দাবি পরিবারের।

এরপর দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি থেকে মারামারি শুরু হয়। আব্দুলার অভিযোগ, তাঁর ছোট দাদা প্রথমে এক যুবককে মারধর করতে শুরু করেন। সেই সময় রাইদুল শেখ ভাইকে বাঁচাতে গিয়ে বাধা দিতে যান। তখনই তিনি আক্রান্ত হন। পরিবারের দাবি, মারধরের জেরেই রাইদুলের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।