খড়্গপুর, ১২ নভেম্বর: দেশের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস এবং পড়াশোনায় নজির গড়ল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। দেশের প্রথম আইআইটি হিসেবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) অনুমোদিত স্নাতকোত্তর স্তরে ডাক্তারি (এমডি) পাঠ্যক্রম চালু করতে চলেছে এই প্রতিষ্ঠান। বৃহস্পতিবার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই মোট ছয়’টি বিষয়ে এমডি স্পেশালাইজেশন কোর্স পড়ানো শুরু করা হবে।
কোর্সের মধ্যে থাকছে, জেনারেল মেডিসিন, রেডিওলজি, ফিজিওলজি, প্যাথলজি, কমিউনিটি মেডিসিন এবং বায়োকেমিস্ট্রি। কর্তৃপক্ষের তরফে এটাও জানানো হয়েছে, নিট-পিজি ২০২৬-এর অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমেই এই কোর্সগুলিতে ভর্তি হওয়া যাবে।
এছাড়াও একটি বিবৃতিতে জানানো হয়েছে, আইআইটি খড়্গপুরের অধীনস্থ ডাঃ বি সি রায় মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারে মোট ১২টি আসনে ভর্তির সুযোগ থাকবে। যেহুতু মোট ছ’টি বিভাগ রয়েছে, তাই প্রত্যেক বিভাগে দু’টি করে আসন বরাদ্দ থাকছে।
চলতি বছেরর জুলাই মাসেই জানা গিয়েছিল, ভবিষ্যতে এখানে ডাক্তারিও পড়ানো হবে। সেই সংক্রান্ত প্রাথমিক অনুমোদনও দেওয়া হয় রাজ্যের তরফে। যা জানিয়েছিলেন প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তী। দেশের মধ্যেই আইআইটি খড়্গপুর প্রথম, যেখানে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) অনুমোদিত স্নাতকোত্তর স্তরে ডাক্তারি (এমডি) পাঠ্যক্রম চালু করা ঘোষণা করা হলো। মূলত চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির আরও সুদৃঢ় মেলবন্ধন ঘটাতেই এই উদ্যোগ বলেই জানানো হচ্ছে কর্তৃপক্ষের তরফে।



