সংবাদদাতা, ময়নাগুড়ি: সাইবার জালিয়াতি রুখতে অনবরত সতর্ক করছে প্রশাসন। কিন্তু তারপরও বারবার প্রতারকদের পাতা ফাঁদে পড়ে জালিয়াতির শিকার হচ্ছেন বহু মানুষ। এবার অসুস্থ স্বামীর চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে সেই ফাঁদে পা দিলেন ময়নাগুড়ির এক গৃহবধূ। ইতিমধ্যেই অনলাইন গেমে টাকা দ্বিগুণ করার মেসেজে বিশ্বাস করে কয়েক হাজার টাকা খুইয়েছেন ওই গৃহবধূ। এরপর আজ পুলিশের দ্বারস্থ হন তিনি।
জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামী অসুস্থ। তাঁর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু সেদিন হঠাৎ ওই গৃহবধূর মোবাইলে একটি মেসেজ আছে। সেখানে লেখা ছিল অনলাইন গেমে টাকা লাগালে দ্বিগুণ টাকা ফেরত পাওয়া যায়। এই ভেবে প্রথমে তিনি ওই গেমে পঞ্চাশ টাকা দিয়েছিলেন। কিন্তু একশো টাকা ফেরত পেতেই চক্ষু চড়কগাছ। নিজের কপাল খুলে গিয়েছে ভেবে ওই গেমে আরও টাকা দিতে থাকেন। কিন্তু কিছুদিন পর আরও টাকার দরকার ভেবে একটি বিরাট অঙ্কের টাকা তিনি ওই গেমে দেন। কিন্তু ওই টাকা দ্বিগুণ তো দূরস্ত এক টাকাও ফেরত আসেনি। তারপরই চিন্তায় পড়ে যান ওই গৃহবধূ। কয়েকদিন পেরিয়ে গেলেও কোনো টাকাই ফেরত আসেনি। এরপরই তিনি ময়নাগুড়ি থানার দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। কোন অ্যাকাউন্টে টাকা গিয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এইসব অনলাইন গেমিংয়ের ফাঁদে পা না দেওয়ার জন্য ফের সতর্ক করছে প্রশাসন।



