মন্দিরের প্রণামী বাক্স চুরির ঘটনায় অবশেষে গ্রেপ্তার ২
  • ১২ নভেম্বর, ২০২৬ ১৭:৩৮
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: প্রায় দীর্ঘদিন ধরেই এলাকার একাধিক বাড়িতে চুরির ঘটনায় তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন গ্রামবাসী। তবুও ময়নাগুড়ির ‘ত্রাস’কে হাতের কাছে পাওয়া যাচ্ছিল না। একের পর এক চুরির ঘটনার পরে অবশেষে পুলিশের জালে জীবন সরকার ও প্রীতম দাস। শহরের বিভিন্ন বাড়িতে মোবাইল থেকে শুরু করে বাড়ির বাসন কিছুই বাদ দিচ্ছিল না অভিযুক্তরা। এলাকায় ‘ত্রাস’ হয়ে উঠেছিল দু’জনেই। মন্দির থেকে দান বাক্স চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিতর্কের সৃষ্টি হয়, গোটা ঘটনায়। তবে অবশেষে গ্রেপ্তার করা হলো দুই যুবককে। 

Advertisement

পুলিশ জানায়, অভিযুক্তরা ময়নাগুড়ির দেবীনগর এলাকায় কাঁসা-পিতলের বাসন-সহ মোবাইল চুরি করে। এরপরে গোবিন্দ নগরে তাঁরা নগদ টাকা-সহ একাধিক মোবাইল চুরি করে। এছাড়াও রোড এলাকার এক মন্দিরের চুরি করে দু’জনে। মন্দির থেকে লুঠ করা হয় প্রণামী বাক্স থেকে নগদ টাকা ও পিতলের ঘণ্টা। এরপরেও তারা থামেনি। সিনেমা হল পাড়াতেও ধৃতরা মোবাইল ও নগদ টাকা চুরি করে। প্রত্যেক ঘটনায় অভিযোগ দায়ের করা হয় ময়নাগুড়ি থানায়। প্রণামী বাক্স চুরির ঘটনায় তদন্তে নামে পুলিশ। প্রথমে জীবনকে এবং পরবর্তীতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

এক পুলিশ আধিকারি জানান, ধৃতদের কাছে মোবাইল সিম খোলার পিন রাখা থাকত। মোবাইল চুরি করেই অভিযুক্তরা সিম খুলে ফেলে দিত। চুরি করাই ছিল তাদের কাজ। তবে আপাতত দু’জনকেই গ্রেপ্তারের খবরে স্বস্তিতে এলাকাবাসী।