পুরনো শত্রুতার জের, কালী পুজোর বিসর্জনে রক্তারক্তি! যুবক খুনে গ্রেপ্তার ২
  • ১২ নভেম্বর, ২০২৬ ১৯:৩৩
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ, আর তাতেই প্রাণ হারালেন যুবক। কালীপুজোর বিসর্জনে আনন্দের মুহূর্তে বদলে গেল আতঙ্কে। দুর্গাপুরের ফরিদপুর থানার জব্বরপল্লী এলাকার ঘটনা। মৃতের নাম শ্যাম কুমার দাস (৩৬)। গোটা ঘটনায় আতঙ্গে এলাকাবাসী।

Advertisement

অভিযোগ, বিসর্জন চলাকালীন পরিচিতদের সঙ্গে কথা বলছিলেন শ্যাম। সেই সময় পুরনো জমি সংক্রান্ত বিবাদ নিয়ে অজয় নন্দী ও বিজয় নন্দীর সঙ্গে তাঁর বচসা বাধে। মুহূর্তের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছয়। অভিযোগ, এরপর প্রসূন পাণ্ডেকে সঙ্গে নিয়ে শ্যামের উপর চড়াও হয় অজয় ও বিজয় নন্দী। রড ও বাঁশ দিয়ে মারধর করা হয়। যার জেরে গুরুতর জখম হন শ্যাম। এরপর তাঁকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃতের পরিবারের পক্ষ থেকে ফরিদপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। যে অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এক প্রত্যক্ষদর্শী রণজয় মণ্ডলের অভিযোগ, ‘পুরনো শত্রুতা ছিল। সেই শত্রুতা থেকেই শ্যামের সাথে বচসা। এরপরেই তাঁকে রড দিয়ে মারধর করা হয়।’ প্রতিবাদ করতে গেলে তাঁকেও মারধর করা হয়, বলেই অভিযোগ তাঁর। পুলিশ সূত্রের খবর, ঘটনার সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও আরেক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।