অবৈধ তোলা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ১
  • ১২ নভেম্বর, ২০২৬ ২২:২৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল : পরিবহন দপ্তরের  রামপুর চেকপোস্টে অবৈধ তোলা আদায়ের মামলায় এবার গ্রেপ্তার হলেন কুলটি থানার অন্তর্গত জাতীয় সড়কের ধারে অবস্থিত রাজস্থান ধাবার মালিক পঞ্চানন মণ্ডল। সূত্র মারফত জানা গিয়েছে, এই মামলায় এর আগে দুই আধিকারিক ও দুই এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার তদন্তের সূত্র ধরেই  বৃহস্পতিবার পঞ্চানন মণ্ডলকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখা। 

Advertisement

সূত্রের খবর, পঞ্চানন মণ্ডল দেবীপুরের বাসিন্দা। বৃহস্পতিবার  আধিকারিকরা তার ধাবা, দেবীপুরে তার বাড়ি এবং খুদিকার একটি বাড়িতে তল্লাশি অভিযান চালান। এই অভিযানের পরই তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। রামপুর চেকপোস্টে অবৈধভাবে তোলা আদায়ের অভিযোগের তদন্তে পঞ্চানন মণ্ডলের গ্রেপ্তারিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে কী কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।