সালারের কা-গ্রামে বছরভর সঞ্চয় করেই জগদ্ধাত্রী পুজোর খরচ তোলেন বাসিন্দারা
  • ১২ নভেম্বর, ২০২৬ ২১:০৮
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: এক দশক আগেও জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা ও জৌলুস ধানের জমি থেকে আয়ের উপরই নির্ভর করত। তবে এখন আর সে’সব নেই। সালার থানার কা-গ্রামের জগদ্ধাত্রী পুজোর খরচ সামলাতে বাসিন্দারা এখন বছরভর সঞ্চয় করেন। প্রায় ২৫০ বছর আগে  এই গ্রামে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়েছিল বলে জানা গিয়েছে।

Advertisement

কৃষ্ণনগর রাজবাড়ি থেকেই এই গ্রামে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয় বলে স্থানীয়রা জানান। প্রায় ২৫০ বছর আগে রাজবাড়ির একজন পুরোহিত গ্রামে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেন। প্রথম পুজোর খরচ জোগানোর জন্য কৃষ্ণনগর রাজবাড়ি থেকে অনেকটা জমি দানও করা হয়েছিল বলে জানা গিয়েছে। এর পরবর্তীতে গ্রামে এক এক করে পুজোর সংখ্যা বেড়েই চলেছে। প্রায় ১০ বছর আগে এই গ্রামে পারিবারিক ও বারোয়ারি মিলে মোট ১৯টি পুজো হত। তবে এখন সেই সংখ্যা ২৯।
একদশক আগে পুজোর খরচ আসত জমির ধান বেচে। তবে এখন আর পুজোর জৌলুস বা উন্মাদনা ধান বিক্রির উপর নির্ভর করে না। বর্তমানে বাসিন্দারা পুজোর খরচ সামলাতে বছরভর সঞ্চয় করেন। গ্রামের প্রবীণ রামেশ্বর ঘোষ বলেন, প্রায় ৭৪ বছর ধরে এই গ্রামে পুজো দেখে আসছি। এক সময় ছিল যে জমিতে কেমন ধান হয়, তার উপর নির্ভর করত পুজো কীভাবে কাটাবো। এমন অনেক বছর গিয়েছে যে বছর মহাজনের কাছে ঋণ নিয়ে পুজোর খরচ করেছি। গ্রামের ষষ্ঠী ঘোষ বলেন, গ্রামে প্রচুর দেবত্র সম্পত্তি রয়েছে। যেগুলি ভাগে নিয়ে আমরা চাষাবাদ করে থাকি। এর একটা অংশ মন্দিরে দিয়ে বাকি সংসার খরচ করে থাকি। সেখানে দেখা গিয়েছে কোনোবার ফসল ভালো না হলে, পুজোর জৌলুস ও উন্মাদনাও কমে গিয়েছে। তবে পুজো প্রতিবারই হয়েছে।
তবে এখন গ্রামবাসীরা জগন্মাতার পুজোর খরচ সামলাতে বছরভর সঞ্চয় করেন বলে দাবি। গ্রামের শান্ত্বনু মাঝি বলেন, আমরা দিনমজুরের কাজ করি। পুজোর সময় একসঙ্গে মোটা টাকা বের করা আমাদের পক্ষে সমস্যার। তাই প্রতিমাসে অল্প অল্প টাকা ব্যাঙ্কে গচ্ছিত রাখি। পুজোর সময় ওই টাকা দিয়েই খরচ চলে। আবার গ্রামের রায়পাড়া পুজো কমিটির সদস্য তাপস কুমার রায় বলেন, আগে পুজোর খরচ আসতো ধানের জমির আয়ের উপর। তবে এখন অনেকে বাইরে কাজ করেন। অনেকে ব্যবসা করেন। তাই পুজোর খরচের চিন্তা অনেকটাই কমেছে।