সংবাদদাতা, আলিপুরদুয়ার: ডুয়ার্স রানি বক্সার বাঘিনি নাকি গর্ভবতী ছিল! এনিয়ে বিভিন্ন মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। একাধিকবার ট্রাঙ্কুলাইজের কারণে বাঘিনির গর্ভপাত হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই ঘটনার তদন্ত করতে বক্সায় সেন্ট্রাল টিম পৌঁছছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ। বৃহস্পতিবার মাদারিহাটে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নিয়ে বনদপ্তরের একটি বৈঠক হয়। তারপর সাংবাদিক সম্মেলনে বনমন্ত্রী বলেন, খবরের কাগজে প্রকাশ হয়েছে বাঘিনি গর্ভবতী ছিল। সংবাদপত্রের খবরের ভিত্তিতে আগাম মন্তব্য নয়। এনিয়ে আমাদের কোনো ধারণা নেই। তদন্তের জন্য দিল্লি থেকে সেন্ট্রাল টিম এসে গিয়েছে। তাদের তদন্তের পরই সবকিছু জানতে পারব। বনমন্ত্রী আরও বলেন, তবে বাঘিনি বক্সার কোর এলাকাতেই খোশমেজাজে আছে। খাবার খাচ্ছে। স্বাভাবিক আচরণও করছে। কোনো সমস্যা নেই। এদিকে এই ঘটনার জন্য আলিপুরদুয়ার জেলা কংগ্রেস বনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। জেলা কংগ্রেসের এই দাবি নিয়ে বনমন্ত্রী বলেন, আলিপুরদুয়ারে কংগ্রেস আছে বলে আমার জানা নেই। এই ঘটনাকে আমাদের কেন্দ্রীয় ও রাজ্য দুই সরকারই গুরুত্ব দিয়ে দেখছে। উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর বাঘিনিটিকে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে এনে ৩০ সেপ্টেম্বর বক্সার ২৫ মাইল টাওয়ারের ২.২ হেক্টর ঘেরাটোপে রাখা হয়। তারপর ২ অক্টোবর বাঘিনিকে জঙ্গলে ছাড়তে ঘেরাটোপের গেট খুলে দেওয়া হয়। যদিও ৪ অক্টোবর বাঘিনিটি ঘেরাটোপ থেকে বেরিয়ে যায়। এরপর সংকোশ নদীর চৌধুরীঘাট দিয়ে ২৪ অক্টোবর অসমের রায়মোনা টাইগার রিজার্ভের জঙ্গলে চলে যায় সেটি। ৩ নভেম্বর রায়মোনার জঙ্গল লাগোয়া কোকরাঝাড় জেলার গেলাগুড়ি লোকালয়ের লৌসা নদীর ধার থেকে বাঘিনিকে ফের ঘুমপাড়ানি গুলিতে কাবু করে বক্সায় নিয়ে আসা হয়। তারপর ২৫ মাইল টাওয়ারের ঘেরাটোপ থেকে সুরঙ্গ খুঁড়ে বেরিয়ে যায় বাঘিনি। মনে করা হচ্ছে এইসময়ের মধ্যেই বনদপ্তরের আধিকারিকরা জানতে পারেন বাঘিনি গর্ভবতী ছিল। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (এনটিসিএ) চিফ সঞ্জয় কুমার একটি ইংরেজি সংবাদপত্রকে জানিয়েছেন বাঘিনির গর্ভবতী হওয়ার বিষয়টি তাঁদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, বাঘিনিটি বর্তমানে বক্সার কোর এলাকায় একেবারে নিরাপদেই আছে। শিকার ধরে খাবারও খাচ্ছে। প্রশ্ন উঠেছে বাল্মীকিতে বাঘিনিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করার সময় মেডিকেল টিমও ছিল। তাহলে বাঘিনির গর্ভবতী হওয়ার বিষয়টি মেডিকেল টিমের নজর এড়াল কীভাবে? এই প্রশ্ন ওঠায় বনমন্ত্রী বলেন, আমরা ফিট সার্টিফিকেট পেয়েছি বলেই বাঘিনিকে এনেছি। সেন্ট্রাল টিমের তদন্তের পরেই আমি সবটা বলতে পারব।



