রাজীব বর্মন, দিনহাটা: এসআইআরে নাম বাদ গিয়েছে বাবার। ফলে সন্তান জন্ম হওয়ার পরেও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট না মেলায় জন্ম শংসাপত্র মিলছে না সদ্যোজাতের। জন্মের দু’মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও নিজের কন্যাসন্তানের বার্থ সার্টিফিকেট পেতে প্রয়োজনীয় নথি নিয়ে বিভিন্ন দপ্তরে ঘুরছেন দিনহাটার বাসিন্দা এক পিতা।
দিনহাটা-২ ব্লকের বাংলাদেশ সীমান্ত ঘেঁষা চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের খাটামারি গ্রামের বাসিন্দা আব্দুল হাবিব। তাঁর স্ত্রী আমিনা খাতুন গত ৮ সেপ্টেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হলে ওই দিনই কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু, জন্মের পর থেকে এখনও পর্যন্ত ওই শিশুর জন্ম শংসাপত্র করাতে পারেনি পরিবারটি।
পরিবারের দাবি,জন্ম শংসাপত্র করানোর জন্য প্রয়োজনীয় রেসিডেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে গিয়েই সমস্যা দেখা দিয়েছে। এসআইআরে ভোটার তালিকায় থেকে ওই সদ্যোজাতের বাবা আব্দুল হাবিবের নাম বাদ গিয়েছে। ভোটার তালিকায় নাম না থাকার বিষয়টি দেখিয়ে তাঁকে রেসিডেন্স সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। অথচ তাঁর স্ত্রীর ভোটার তালিকায় নাম রয়েছে। শুধু তাই নয়, নিজের জন্ম শংসাপত্র, স্ত্রীর জন্ম শংসাপত্র সহ পরিবারের অন্যান্য প্রয়োজনীয় নথিও তাঁদের কাছে আছে। এমনকী আব্দুল হাবিবের বাবার নাম ২০০২ সালের ভোটার তালিকাতেও রয়েছে বলে দাবি ওই পরিবারের।
আব্দুল হাবিব বলেন, পরিবারের অন্যান্য সদস্যদের ভোটার তালিকায় নাম এবং প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও শুধুমাত্র আমার নাম এসআইআরে ভোটার তালিকায় থেকে বাদ পড়ার কারণে সদ্যোজাত সন্তানের জন্ম শংসাপত্র করাতে পারছি না। সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরের দরজায় দরজায় ঘুরেও সুরাহা হচ্ছে না। এমন অবস্থায় কোথায় যাব বুঝে উঠতে পারছি না।



