নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বিশ্বজুড়ে উষ্ণায়ন বাড়ছে। দ্রুত জলবায়ুর পরিবর্তন হচ্ছে। সেজন্য প্রাকৃতির ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো নিয়ে সচেতনতাও বাড়ছে। শুক্রবার বিনপুর-১ ব্লকের আঁধারিয়া রাজবল্লভ হাই স্কুলের পড়ুয়ারা নিজেদের নামে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল। স্কুলের শিক্ষক-শিক্ষিকা ছাড়াও ডিআই শক্তিভূষন গঙ্গোপাধ্যায় এ. কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আঁধারিয়া রাজবল্লভ হাই স্কুল স্থাপিত হয় ১৯৫৮ সালে। ১১০০ ছাত্রছাত্রী ও ২৪ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার প্রতি উৎসাহ দেওয়া হয়। পড়ুয়াদের নিয়ে কন্যাশ্রী, কনজিউমার ও ইকো ক্লাব গড়ে তোলা হয়েছে। স্কুলের হস্টেলে থেকে ৭০ জন পড়ুয়া পড়াশোনা করে। এদিন স্কুল কর্তৃপক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেয়। স্কুলের নিকটবর্তী ৫ নম্বর রাজ্য সড়কের আঁধারিয়া থেকে রথবেড়া পর্যন্ত রাস্তার একপাশে এদিন ৩০টি অমলতাস গাছ লাগায় পড়ুয়ারা। প্রতিটি গাছের চারার সঙ্গে একজন ছাত্র ও ছাত্রী ও শিক্ষক কিংবা শিক্ষিকার নাম বোর্ডে লেখা থাকবে। গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্বও পড়ুয়ারা পালন করবে।



