Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অযোধ্যা পাহাড়ের চূড়ায় বৃক্ষরোপণ ও সচেতনতায় জোর

অযোধ্যা পাহাড়ের চূড়ায় বৃক্ষরোপণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন হল অরণ্য সপ্তাহ। ৫০০ চারাগাছ বিতরণ, বিস্তারিত পড়ুন।

অযোধ্যা পাহাড়ের চূড়ায় বৃক্ষরোপণ ও সচেতনতায় জোর
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঝালদা: পরিবেশ রক্ষায় সবুজায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অযোধ্যা পাহাড়ের চূড়ায় আয়োজিত হলো ‘অরণ্য সপ্তাহ’। স্থানীয় বিরসা মুণ্ডা প্লে-গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে বাঘমুন্ডি ব্লকের আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ রক্ষার শপথ নেন উপস্থিত সকলে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো, জেলা পরিষদ সদস্য রাকেশ মাহাতো, সমাজসেবী শংকর মাহাতো এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পরিবেশপ্রেমী দুঃখু মাঝি। এছাড়াও ছিলেন বাঘমুন্ডি ও অযোধ্যা রেঞ্জ অফিসার সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা। বন দপ্তরের পক্ষ থেকে এদিন প্রায় ৫০০টি চারাগাছ বিলি করা হয়। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী রাজ্যে ১০ কোটি চারাগাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই নিরিখে পুরুলিয়া জেলায় ১৫ থেকে ১৬ লক্ষ চারাগাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে সরকারি অফিস, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মতো পতিত জমিতে গাছ লাগানোর উপর জোর দেওয়া হচ্ছে। এদিন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের তরফে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। নাচ ও নাটকের মাধ্যমে বনভূমি ও পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়। পাশাপাশি, জেএফএমসি-র আওতাধীন দু’টি স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী পড়ুয়াদের সংবর্ধনা জানানো হয়। এছাড়া অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয় এবং পদ্মশ্রী দুঃখু মাঝিকে বিশেষ সম্মান জানানো হয়। এদিন হিল টপ থেকে পুরানো পোস্ট অফিস মোড় পর্যন্ত এক সচেতনতা র‍্যালি বের হয়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৪ জুলাই শুরু হওয়া এই অরণ্য সপ্তাহ ২০ জুলাই সুরুলিয়া মিনি জু-তে শেষ হবে। সেখানে ওদিন হবে রক্তদান শিবির।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ